জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে ডাকাতির মামলায় পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে থাকা ওই আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন হয়।
জাহিদুল ইসলাম বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় তাঁর স্ত্রী ও সন্তান আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্ত্রী ও সন্তানের চিকিৎসার কাজে ব্যস্ত থাকা অবস্থায় গত বুধবার রাত ১১টার দিকে ওই হাসপাতালের ফটক থেকে জামালপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাঁকে আটক করেন। পরে গত বছরের ২৪ ডিসেম্বর রাতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের বাড়িতে ডাকাতির ঘটনায় হওয়া মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
আজ দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী, সাধারণ মানুষসহ ওই নেতার পরিবারের সদস্যরা অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন নিলাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ফজলুর রহমান, সাবেক সদস্য নজরুল ইসলাম ও ইয়াছিন তালুকদার এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছাইদুর রহমান।
বক্তারা বলেন, শুধু রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগমের বাড়িতে ডাকাতির মামলায় জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করানো হয়েছে। ওই ডাকাতির ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
বক্তারা বলেন, একটি সড়ক দুর্ঘটনায় তাঁর পরিবারের সদস্যরা গুরুতর আহত। তাঁদের ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসার কাজে তিনি ব্যস্ত ছিলেন। ঠিক সেই সময় হাসপাতালের ফটক থেকে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অবিলম্বে তাঁকে মুক্তি দিতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর গভীর রাতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের (৫০) বাড়ি থেকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে ১২০ ভরি স্বর্ণালংকার ও ২০ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শাহীনা বেগমের বড় বোন মাহমুদা বেগম বাদী হয়ে ২৬ ডিসেম্বর বকশীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন।