চট্টগ্রাম আদালত ভবন
চট্টগ্রাম আদালত ভবন

২০ বছর আগে পুলিশের সোর্সকে অপহরণ ও হত্যা, ৯ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে ২০ বছর আগে পুলিশের এক সোর্সকে (তথ্যদাতা) অপহরণ করে হত্যার মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগরের ষষ্ঠ অতিরিক্ত দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন রেজাউল করিম, জয়নাল আবেদীন, আবদুল্লাহ, মো. সেলিম, আবুল কাশেম, সালাউদ্দিন, মো. সোলায়মান, রেজাউল করিম রেজা ও হারুন অর রশিদ।

আদালত সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া পৃথক ধারায় প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দুটি সাজা একসঙ্গে কার্যকর হবে। একই রায়ে মামলার বাকি সাত আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৫ সেপ্টেম্বর নগরের বন্দর থানার হালিশহর ছোটপুল এলাকার সমবায় সিঙ্গাপুর মার্কেটের পাশের সড়ক থেকে নুর আলমকে অপহরণ করা হয়। পরদিন তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত ব্যক্তির মা আয়শা আক্তার বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০০৬ সালের ২৫ সেপ্টেম্বর পুলিশ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। পরবর্তী সময়ে ২০০৮ সালের ৫ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।