চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় সিডিএ অ্যাভিনিউ সড়ক আবারও অবরোধ করেছেন গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ করা হয়। যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য মো. জসিম উদ্দিনের অভিযোগ, ‘দলের সভাপতি নুরুল হকের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রকাশ্যে হামলা চালিয়েছেন। হামলাকারীদের বিচার করতে হবে। অবশ্যই ক্ষমা চাইতে হবে। এ ছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগ করতে হবে।’
এর আগে গতকাল সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার পর গতকাল রাত সাড়ে ১০টায় প্রথম দফায় চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট মোড় অবরোধ করে বিক্ষোভ করেন গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা। তাঁরা আজ দ্বিতীয় দফায় অবরোধ করেছেন।
প্রত্যক্ষদর্শী লোকজন জানান, দুপুরে মিছিল নিয়ে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা ২ নম্বর গেট মোড়ে আসেন। চারটি সড়কের এই মোড়ে যানবাহন চলাচল আটকে দেওয়া হয়। বিক্ষুব্ধ নেতা–কর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে স্লোগান দেন। সড়কের মাঝখানে জ্বালানো হয় টায়ার। গণ অধিকার পরিষদ ছাড়াও যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরাও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
২ নম্বর গেট এলাকাটি পাঁচলাইশ থানার আওতাধীন। থানার উপপরিদর্শক নয়ন আহমেদ দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে প্রথম আলোকে বলেন, গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা কর্মসূচি পালন করছেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। এখনো কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়নি।