লাশ
লাশ

খাগড়াছড়িতে নিখোঁজের তিন দিন পর ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে সাধন রঞ্জন চাকমা (৪৮) নামের এক ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে দুল্যাতলী ইউনিয়নের মেম্বারপাড়া এলাকায় বাড়ির অদূরে একটি গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন।

সাধন রঞ্জন চাকমা দুল্যাতলী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি মেম্বারপাড়া এলাকার বাসিন্দা ভারত মোহন চাকমার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সাধন রঞ্জন চাকমার নিখোঁজের বিষয়টি পুলিশকে জানান দুল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা। পরে পুলিশ স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে তাঁর সন্ধানে খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যায় বাড়ির অদূরে পাহাড়ের পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। গলায় একটি দাগ ছাড়া শরীরে আর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাতে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় সাধন রঞ্জন চাকমার ছেলে হেমন্ত চাকমা বাদী হয়ে লক্ষ্মীছড়ি থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।