
মাগুরা শহরের পুরাতন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় আড়াই শ মরা মুরগি জব্দ করা হয়েছে। এসব মরা মুরগি কেনাবেচার অভিযোগে মো. রফিক নামের এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের পুরাতন বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার অভি দাস।
পুরাতন বাজারের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, এসব মরা মুরগি নিয়মিত জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাজারে আসে। নামমাত্র দামে এগুলো কেনা হয়। হোটেল বা বিরিয়ানির দোকানগুলোতে সকাল সকাল চলে যায় এসব মুরগি। সরবরাহ করা হয় রাতের আঁধারে।
অভি দাস সাংবাদিকদের বলেন, অভিযানে মরা মুরগি কেনাবেচার অভিযোগে ব্যবসায়ী রফিককে আটক করা হয়েছে। তাঁকে এক মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অনেক দিন ধরে মরা মুরগি কেনাবেচার অভিযোগ ছিল জানিয়ে মাগুরা পৌরসভার স্যানিটেশন পরিদর্শক কামরুজ্জামান বলেন, ‘অপরাধীকে ধরতে পারছিলাম না। আজ পুরাতন বাজারের রফিকের দোকানে মরা ও অসুস্থ মুরগি জব্দ করেছি। এমন আড়াই শ মুরগি পাওয়া গেছে। এর মধ্যে প্রায় এক শ মুরগি বিক্রির জন্য ড্রেসিং (তৈরি) করে রাখা হয়েছিল।’