
পাথরবাহী চলন্ত ট্রাকের পেছনের চাকা থেকে অন্য রকম শব্দ হচ্ছিল। এমন শব্দ শুনে ট্রাকের চালক মহাসড়কের পাশে ট্রাক থামিয়ে তাঁর সহকারী হাবিবুল্লা মিয়াকে (১৯) শব্দের কারণ অনুসন্ধান করতে বলেন। পরে হাবিবুল্লাহ মিয়া ট্রাকের পেছনের দুই চাকার মাঝখানে এক টুকরা পাথরের সন্ধান পান। হাবিবুল্লাহ ট্রাকের নিচে বসে সেই পাথর অপসারণের চেষ্টা করছিলেন। এমন সময় পেছন দিক থেকে পাথরবাহী আরেকটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়ানো ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে নিজ ট্রাকের চাকায় পিষ্ট হন হাবিবুল্লাহ। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
আজ শুক্রবার সকাল ছয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা এলাকায় এ ঘটনা ঘটে। হাবিবুল্লাহ মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের বকশিপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে। ট্রাকটি পাথর নিয়ে সিলেট থেকে ময়মনসিংহে যাচ্ছিল। দুর্ঘটনার পর দুই ট্রাকের চালকই পালিয়ে গেছেন।
হাবিবুল্লাহর চাচাতো ভাই রাশেদুল ইসলাম (২৫) প্রথম আলোকে বলেন, হাবিবুল্লাহ গত ৩০ সেপ্টেম্বর বিয়ে করেন। বিয়ের পর প্রথম গত বুধবার কাজের জন্য বাড়ি থেকে বের হন। আজ শুক্রবার দুপুরের মধ্যে তাঁর বাড়িতে পৌঁছার কথা ছিল।
হাবিবুল্লাহর বাবা সুরুজ আলী (৫০) দুপুরে হাইওয়ে থানায় ছেলের লাশ দেখে মূর্ছা যান। জ্ঞান ফিরলে তিনি চিৎকার করে বলেন, ‘হাবিব আমার বড় ছেলে। মাত্র বিয়া করাইছি। আমার সব উল্টাপাল্টা অইয়া গেছে। আজ আমার ছেলের বাড়ি যাওয়ার কথা ছিল। এর মধ্যে আজ ভোরে আমার ছেলেডা মারাই গেছে।’
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির লাশ পুলিশি হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। তবে দুই ট্রাকের চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।