নোয়াখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে হবেন, আলোচনা সেটা নিয়ে

নোয়াখালী জেলা আওয়ামী লীগের দীর্ঘ প্রতীক্ষিত ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার। সম্মেলনে সভাপতির নাম ঘোষণা করা হলেও হয়নি সাধারণ সম্পাদকের নাম। ওই পদে একাধিক প্রার্থীর নাম থাকায় সেটি পরবর্তীকালে সমঝোতা কিংবা কাউন্সিলরদের ভোটাভুটির মাধ্যমে নির্ধারণ, না হলে কেন্দ্রের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হয়। এ কারণে জেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আলোচনা এখন কে হচ্ছেন আগামীর সাধারণ সম্পাদক, সেটা নিয়ে।

দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্মেলনের প্রথম অধিবেশনের শেষ পর্যায়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরবর্তী মেয়াদের জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে এ এইচ এম খায়রুল আনম চৌধুরীর নাম ঘোষণা করেন। খায়রুল আনম জেলা আওয়ামী লীগের বিদায়ী কমিটির আহ্বায়ক এবং এর আগে ২০১০ সালের এপ্রিল থেকে প্রথমে ভারপ্রাপ্ত সভাপতি, পরে পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব পালন করেছেন।

ওবায়দুল কাদের সভাপতি হিসেবে এ এইচ এম খায়রুল আনম চৌধুরীর নাম ঘোষণার পর নেতা-কর্মীদের বলেন, ‘সাধারণ সম্পাদক পদে এখানে বিভক্তি আছে, আমি কাউকে আপন, কাউকে পর করতে চাই না। ১৭ ডিসেম্বরের মধ্যে স্বপন (আবু সাঈদ আল মাহমুদ) সেটি ঠিক করবে। কাউন্সিলরের তালিকায় গরমিল আছে, সেটি ঠিক করতে হবে। সাধারণ সম্পাদক পদে মনের মতো লোককে দেওয়া হবে।’ কিন্তু সেই মনের মতো লোক কে? সে হিসাব কষছেন এখন দলীয় নেতা-কর্মী ও তৃণমূলের সমর্থকেরাও।

দলীয় সূত্র জানায়, ওবায়দুল কাদেরের ওই ঘোষণার পর নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম মঞ্চে দাঁড়িয়ে সাধারণ সম্পাদক হিসেবে জেলা আওয়ামী লীগের বিদায়ী আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সহিদ উল্যাহ খান সোহেলের নাম প্রস্তাব করেন। মোরশেদ আলমের এই ঘোষণার পরই নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ ওই প্রস্তাব সমর্থন করেন। সহিদ উল্যাহ খান নোয়াখালী পৌরসভার টানা দুই মেয়াদের মেয়র। এর আগে তিনি শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

মোরশেদ আলম ও মামুনুর রশিদ এই দুই সংসদ সদস্যের প্রস্তাব ও সমর্থন ঘোষণার আগে নিজের বক্তৃতায় অনেকটা আগবাড়িয়ে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী সাধারণ সম্পাদক পদে সহিদ উল্যাহ খানের নাম সুপারিশ করেন। তখন একরামুল করিম চৌধুরী মেয়র সহিদ উল্যাহ খানের নাম উল্লেখ করে বলেন, ‘এই ছেলের মনে আমি কষ্ট দিলেও সে কখনো আমার সঙ্গে খারাপ আচরণ করেনি। যাঁরা নেতাদের সঙ্গে খারাপ আচরণ করেন, সম্মান করতে জানেন না, তাঁরা নেতৃত্বে আসার যোগ্যতা রাখেন না।’

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রস্তাবকারী ও সমর্থনকারীর নামসহ সাধারণ সম্পাদক পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের বিদায়ী আহ্বায়ক কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহিন। তিনি এর আগে সদর উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি ছিলেন। এ ছাড়া ছিলেন সদর উপজেলা পরিষদের টানা দুই মেয়াদের চেয়ারম্যান। সবকিছু ঠিকঠাক থাকলে ১৭ ডিসেম্বর কিংবা তার দু-এক দিন পর এই দুই প্রার্থীর মধ্যে সাধারণ সম্পাদক পদে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই ভোটে দলের ৯টি উপজেলার কাউন্সিলরেরা বেছে নেবেন তাঁদের পরবর্তী মেয়াদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জেলা আওয়ামী লীগের বিদায়ী আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক পদের প্রার্থী শিহাব উদ্দিন শাহিন আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, কাউন্সিলরদের ভোটাভুটিতে নির্ধারণ হবে সাধারণ সম্পাদক কে হবেন। এ ক্ষেত্রে সমঝোতার কোন সুযোগ রয়েছে কি না? প্রশ্নের জবাবে তিনি বলেন, সমঝোতা বলতে নেত্রী যেকোনো সময় এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন।

বিদায়ী আহ্বায়ক কমিটির একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনের আগে আর সম্মেলন হওয়ার কোনো সুযোগ নাই। সভাপতি হয়ে গেছেন। এখন সাধারণ সম্পাদক পদে এমন একজনকে বেছে নিতে হবে, যিনি শুধুমাত্র কথায় নয়, কাজ করে দলকে এগিয়ে নিতে পারবেন। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।’