নগরকান্দায় বাসের নিচে চাপা পড়ে নারীর মৃত্যু, গাড়ি ভাঙচুর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে বাসের নিচে চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। এ সময় উত্তেজিত জনতা গাড়ি ভাঙচুর করেছে।

আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের মেঘারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম চম্পারানী বিশ্বাস (৬১)। তিনি চরযশোরদী ইউনিয়নের মেঘারকান্দি গ্রামের কালু বিশ্বাসের স্ত্রী।

এ সময় ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় এক ঘণ্টা ধরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। একপর্যায়ে ভাঙ্গা হাইওয়ে থানা–পুলিশ ও নগরকান্দা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

ঝাটুরদিয়া বাজারের ব্যবসায়ী আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই নারী মহাসড়ক পার হওয়ার সময় খুলনা থেকে ঢাকাগামী একটি বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে এলাকাবাসী সড়ক অবরোধ করে চারটি বাস ও দুটি মাইক্রোবাস ভাঙচুর করেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।