পাবনার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্য পেয়েছে যমজ দুই বোন সাইয়িদা জান্নাত (নাওমি) ও সাইয়িদা জাহান (নাওফি)। বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দিয়ে তারা দুজনই অর্জন করেছে জিপিএ-৫।
দুই বোনের বাড়ি সুজানগর পৌরসভার মানিকদী এলাকায়। তাদের বাবা জহুর আহমাদ সরকার সুজানগর মহিলা ডিগ্রি কলেজের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের সহকারী শিক্ষক এবং মা মনিরা পারভীন উপজেলার সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের শিক্ষক।
পারিবারিক সূত্রে জানা যায়, জন্ম থেকেই দুই বোন একসঙ্গে বড় হয়েছে। একই বিদ্যালয়ে পড়ালেখা করেছে। দুই বোনেরই পড়ালেখায় ব্যাপক আগ্রহ। তারা নিয়মিত চর্চা করত ও একে অপরকে সহযোগিতা করত। দুজনের শখ, ইচ্ছা ও ভবিষ্যৎ পরিকল্পনা একই ধরনের।
নিজেদের এই সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অনুপ্রেরণা ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে সাইয়িদা ও সাইয়িদা। একই সঙ্গে ভবিষ্যতে তারা চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করতে চায়।
সাফল্যের বিষয়ে দুই বোনই বলে, তারা একই দিনে পৃথিবীতে এসেছে, একসঙ্গে বড় হয়েছে। এই অর্জনে তারা ভীষণ আনন্দিত। আগামী দিনেই দুই বোন একসঙ্গে এগিয়ে যেতে চায়।
মেয়েদের অর্জনে উচ্ছ্বসিত মা মনিরা পারভীন বলেন, ‘মেয়েদের সাফল্যে আমি আনন্দিত। প্রত্যেক অভিভাবক যদি সন্তানদের পর্যাপ্ত সময় দেন এবং পড়াশোনায় উৎসাহিত করেন, তাহলে সন্তানেরা ভালো ফল করতে পারে।’
মেয়েদের কাছে বাবা জহুর আহমাদ সরকারের প্রত্যাশা, তাঁর মেয়েরা যেন শিক্ষার ধারাবাহিকতা বজায় রেখে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এবং সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারে।
সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল আক্তার বলেন, ‘নাওমি ও নাওফি পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা ও নম্র আচরণের জন্য সব সময় প্রশংসিত। তারা কেবল মেধাবী শিক্ষার্থীই নয়, ভালো মানুষ হিসেবে বেড়ে উঠছে। তাদের এই অর্জনে আমরা শিক্ষকেরা অত্যন্ত আনন্দিত।’