রাজবাড়ী সদর উপজেলার ধুলদী জয়পুর মায়ের দোয়া বেকারিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিপণ্য বানানো হচ্ছিল
রাজবাড়ী সদর উপজেলার ধুলদী জয়পুর মায়ের দোয়া বেকারিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিপণ্য বানানো হচ্ছিল

রাজবাড়ীতে বেকারিপণ্যে ব্যবহার করা হচ্ছিল পচা ডিম, বসানো হচ্ছিল অগ্রিম তারিখ

রাজবাড়ীতে অবস্থিত একটি বেকারিতে খাদ্যজাত পণ্যে ব্যবহার করা হচ্ছিল দুর্গন্ধযুক্ত পচা ডিম এবং পণ্যের গায়ে অগ্রিম তারিখ ব্যবহার করা হচ্ছিল। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে হাতেনাতে জব্দের পর বেকারিমালিক মো. আয়ুব আলীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় ধুলদী জয়পুর এলাকায় বুধবার বিকেলে অভিযান চালানো হয়। পরে এসব পণ্য জব্দের পর মাটিতে পুঁতে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী।

খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় ধুলদী জয়পুর এলাকায় স্থানীয় মো. আয়ুব আলী ‘মায়ের দোয়া’ নামক একটি বেকারি পরিচালনা করছিলেন। কিন্তু বেকারির নানা পণ্যে তিনি পচা ও ব্যবহার অনুপযোগী নষ্ট ডিম ব্যবহার করছিলেন। বুধবার বিকেল চারটার দিকে ওই বেকারিতে অভিযান চালায় সদর উপজেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী। অভিযানকালে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা, খাদ্যে পচা, দুর্গন্ধযুক্ত ও খাবারের অনুপযোগী ডিম ব্যবহার করা এবং স্যাকারিন ব্যবহার করার প্রমাণ পান। এ ছাড়া খাদ্যপণ্যে অগ্রিম তারিখ প্রদানের বিষয়টিও হাতেনাতে ধরা পড়ে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার পায়রা চৌধুরী অভিযান শেষে সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বিস্কুট, পাউরুটিসহ বেকারিপণ্য গতকাল মঙ্গলবার তৈরি করা। অথচ তিনি অগ্রিম হিসেবে আগামীকাল বৃহস্পতিবার ১২ মার্চের লেভেল তৈরি করে ওই প্যাকেটে লেভেল লাগাচ্ছিলেন। এসব অপরাধ আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯–এর ৫২ ধারায় বেকারিমালিক আয়ুব আলীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ব্যবহৃত মেয়াদের লেভেল ও পচা ডিম জব্দ করে ডিম বিনষ্ট করে মাটিতে পুঁতে ফেলা হয়। এ সময় বেকারিমালিক আয়ুব আলীকে সতর্ক করা হয়।

অভিযানকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান, দায়িত্বপ্রাপ্ত জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক, জেলা আনসার বাহিনীর একটি দল।