
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় মো. হাতেম নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় হাতেমকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে তাঁকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
অভিযুক্ত হাতেম আড়াইহাজার উপজেলার বাসিন্দা। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই শিশুর মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার সকালে ওই শিশুকে একা বাড়িতে রেখে কাজে চলে যান। ওই দিন দুপুরে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় হাতেম (৮০) খাবার কিনে দেওয়ার কথা বলে কৌশলে ওই শিশুকে তাঁর বাড়িতে নিয়ে যান। পরে নিজ বাড়িতে নিয়ে হাতেম ওড়না দিয়ে শিশুটির মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা করেন। তবে শিশুটি মুখের বাঁধন খুলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।
পরে গতকাল দিবাগত রাতে ওই শিশুর মা আড়াইহাজার থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। এদিকে ওই শিশুর মা মামলা করতে গেলে স্থানীয় লোকজন হাতেমকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এক দিন পর মামলা করার বিষয়ে জানতে চাইলে ওই শিশুর মা প্রথম আলোকে বলেন, ওই ঘটনার পর কী করতে হবে, সেটা তিনি বুঝতে পারছিলেন না। পরে স্থানীয় লোকজনের পরামর্শে তিনি থানায় গিয়ে মামলা করেন।
ওসি আজিজুল হক বলেন, গতকাল রাতেই স্থানীয় লোকজন অভিযুক্ত হাতেমকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ওই মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আজ নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী শিশুর শারীরিক পরীক্ষার জন্য তাঁকে ১০০ শয্যা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।