গ্রন্থাগারটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কচুয়া বাজারে। রক্ষণাবেক্ষণ ও পৃষ্ঠপোষকতার অভাবে ১০ বছর ধরে এটি বন্ধ।

গ্রন্থাগারটি চালু করা হয়েছিল উনিশ শতকের চল্লিশের দশকে। জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এটি চালু করেছিলেন এক শিক্ষানুরাগী। এখানে পড়াশোনা করেছেন সরকারের সচিব, আমলা ও জনপ্রতিনিধিরা। কিন্তু কর্মচারী না থাকায় ১০ বছর ধরে জ্ঞানচর্চার এই কেন্দ্রটি বন্ধ। রক্ষণাবেক্ষণ না করায় গ্রন্থাগারের চার সহস্রাধিক বই নষ্ট হয়ে যাচ্ছে। গ্রন্থাগারটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের কচুয়া বাজারে।
এর নাম কাঁচেরকোল এম এন খান পাবলিক লাইব্রেরি অ্যান্ড ভিলেজ হল। কিছু সমস্যার কারণে লাইব্রেরিটি বন্ধ হয়ে আছে। যথাযথ রক্ষণাবেক্ষণ ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ঐতিহ্যবাহী গ্রন্থাগারটি চালু করা সম্ভব হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশ-বিদেশের খবর জানার জন্য একমাত্র মাধ্যম ছিল খবরের কাগজ। কিন্তু এই খবরের কাগজ ডাকঘরের মাধ্যমে কলকাতা থেকে আসতে তিন-চার দিন লেগে যেত। এরপর গ্রন্থাগারে আনা হলো একটি রেডিও। এই রেডিওর খবর শোনার জন্য শত শত মানুষের ভিড় হতো।আবদুল আলিম, গ্রামের প্রবীণ
স্থানীয় কচুয়া বাজারের ব্যবসায়ী লান্টু মিয়া জানান, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার প্রত্যন্ত একটি এলাকা কাঁচেরকোল ইউনিয়ন। এই ইউনিয়নের একটি ছোট বাজার কচুয়া। তিনি বয়োবৃদ্ধদের কাছে শুনেছেন, বাজারে বেনীপুর মাধ্যমিক বিদ্যালয় ছিল। এই শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের জন্য হোস্টেল ছিল। ছাত্ররা বিকেল হলে নানা আড্ডায় মিশতেন। এ কারণে ১৯৩৭ সালে ওই এলাকার শিক্ষানুরাগী জমিদার কাজী সরোয়ার উদ্দিন ও চিকিৎসক হাবিবুর রহমান একটি পাঠাগার প্রতিষ্ঠা করেন। এর নাম দেওয়া হয় কচুয়া বাজার পাবলিক লাইব্রেরি।
লাইব্রেরির নিয়মিত পাঠক ছিলেন নজরুল ইসলাম। তিনি জানান, প্রথম দিকে টিনের চালায় চলত শিক্ষা কার্যক্রম। তখন ৩০০ বই দিয়ে যাত্রা শুরু হয়। যার মধ্যে বেশির ভাগ ছিল শিক্ষার্থীদের ক্লাসের বই। এ পর্যায়ে লাইব্রেরির বই দাঁড়ায় চার হাজারে। তিনি আরও জানান, ১৯৪২ সালে তৎকালীন যশোর জেলা ম্যাজিস্ট্রেট এম এন খান বেনীপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে আসেন। তিনি সেখান থেকে যান গ্রন্থাগার দেখতে। এই অজপাড়াগাঁয়ে লাইব্রেরি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং এখানে একটি ভবন নির্মাণে অর্থ বরাদ্দ দেন। এরপর ওই বছরই ভবন নির্মাণ করা হয়। এলাকার লোকজন সে সময় লাইব্রেরির নাম পরিবর্তন করে রাখেন এম এন খান পাবলিক লাইব্রেরি অ্যান্ড ভিলেজ হল।
আত্তাব খাঁ জানান, ধীরে ধীরে গ্রন্থাগারের কলেবর বাড়তে থাকে। নতুন নতুন বই আনা হয়। আসে খবরের কাগজ। দূরদূরান্ত থেকে বই ও পত্রিকা পড়ার পাঠক বাড়তে থাকে। এভাবে কচুয়া বাজারের এই গ্রন্থাগার ব্যাপক পরিচিতি পেয়ে যায়।
গ্রামের বয়োবৃদ্ধ আবদুল আলিম জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশ-বিদেশের খবর জানার জন্য একমাত্র মাধ্যম ছিল খবরের কাগজ। কিন্তু এই খবরের কাগজ ডাকঘরের মাধ্যমে কলকাতা থেকে আসতে তিন-চার দিন লেগে যেত। সেই কাগজ পড়ার জন্য পাশের কয়েকটি এলাকার মানুষ ভিড় করত। এরপর গ্রন্থাগারে আনা হলো একটি রেডিও। ঠিক কত সালে রেডিও আসে, তা বলতে না পারলেও আলিম জানান, তখন গ্রামগঞ্জে কোনো রেডিও ছিল না। যে কারণে এই রেডিওর খবর শোনার জন্য শত শত মানুষের ভিড় হতো। তিনি আরও জানান, এখানে বসে পড়ালেখা করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব খন্দকার শহিদুল ইসলামসহ অনেকে।
এলাকাবাসী জানান, জমিদার কাজী সরোয়ার উদ্দিনের ছেলে মলি মিয়া গ্রন্থাগারটি দেখাশোনা করতেন। তাঁর মৃত্যুর পর এই কার্যক্রম ঝিমিয়ে পড়ে। পরে গ্রাম্য গোলমালের কারণে সাত বছর এটি বন্ধ থাকে। মাঝে স্থানীয় চেয়ারম্যান সালাউদ্দিন আহম্মেদ জোয়ার্দ্দারের উদ্যোগে কিছু দিন গ্রন্থাগার চালু ছিল। তিন–চার বছর চালু থাকার পর ২০১২ সালে আবার বন্ধ হয়ে যায়।
স্থানীয় ব্যক্তিরা জানান, বন্ধ থাকার কারণে অনেক মূল্যবান বই নষ্ট হয়ে গেছে। পাঠকের সংখ্যাও কমে এসেছিল। শুধু পত্রিকা পড়ার জন্য কিছু মানুষ আসতেন। স্থানীয় কাঁচেরকোল ইউপির চেয়ারম্যান মামুন দাবি করেন, সরকারের সহযোগিতায় কিছু বই এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা হলে এখনো এই গ্রন্থাগার হয়ে উঠতে পারে ওই অঞ্চলের জ্ঞান বিতরণের একটি স্থান।
এ ব্যাপারে সদ্য বিদায়ী শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. কানিজ ফাতেমা জানান, এ উপজেলায় যোগদান করে গ্রন্থাগারটি দেখতে গিয়েছিলেন তিনি। এটি নতুন করে চালুর উদ্যোগ নিয়েছেন। আশা করছেন, এটি চালু করা সম্ভব হবে।