শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনায় এসেছে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। কিশোরগঞ্জ, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনায় এসেছে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। কিশোরগঞ্জ, ২১ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জে জিপিএ-৫ সংবর্ধনা

বাবাকে নিয়ে দুই ঘণ্টা আগেই অনুষ্ঠানস্থলে মহিমা

সকালে সংবর্ধনা অনুষ্ঠানে যেতে হবে। সেই উচ্ছ্বাস আর আবেগে রাতটি যেন কাটছিল না মহিমা আক্তারের। বাবাকে সকাল সকাল ঘুম থেকে ডেকে তুলে নিয়ে অনুষ্ঠান শুরুর দুই ঘণ্টা আগেই সংবর্ধনাস্থলে হাজির। পল্লিচিকিৎসক বাবা মোহাম্মদ মাহফুজ বললেন, কৃতী সংবর্ধনার অনুষ্ঠানে আসবে এ নিয়ে উচ্ছ্বাসে সারা রাত ঘুমায়নি মেয়ে।

প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।

আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা–গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

কৃতী সংবর্ধনার কিশোরগঞ্জ পর্ব আজ সোমবার আয়োজন করা হয় জেলার নেহাল গ্রিন পার্কে। এতে অংশ নেয় মহিমার মতো আট শর বেশি শিক্ষার্থী। কেউ বন্ধুদের সঙ্গে কেউ অভিভাবককে নিয়ে এসেছিল অনুষ্ঠানে।

লোহাজুরি ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে তিনজন শিক্ষার্থী এ বছর জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে মহিমা একজন। মহিমা বলল, ‘এ সাফল্য ধরে রাখতে চাই।’

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। কিশোরগঞ্জ, ২১ সেপ্টেম্বর ২০২৬

আরেক শিক্ষার্থী সামিউল আলম ভুঁইয়া কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চবিদ্যালয় থেকে জিপিএ–৫ পেয়েছে। সংবর্ধনায় আসতে পেরে উচ্ছ্বসিত সে। বলল, ‘আজকের দিনটি আমার জন্য স্মরণীয়। আমাদের যেভাবে সংবর্ধনা দেওয়া হচ্ছে, সে অনুপ্রেরণা থেকে ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

তাসমিয়া আলম শহরের জেলা স্মরণী বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বান্ধবী আয়েশা আক্তার কটিয়াদী উপজেলার মসূয়া উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের সুবাদে দুজনের দেখা হলো। দুই বন্ধু মিলে খোশগল্প করছিল। একটু পরেই তাদের সঙ্গে যোগ দেয় আরও দুই বন্ধু নূসরাত জাহান ও সাইয়ারা আদিবা। একসঙ্গে হতে পেরে সবাই উচ্ছ্বসিত।

সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। প্রথম আলো কিশোরগঞ্জ বন্ধুসভার সভাপতি নুসরাত জাহান ও সাংগঠনিক সম্পাদক মো. সাবাবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর কিশোরগঞ্জ প্রতিনিধি তাফসিলুল আজিজ।

এরপর শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সিদ্দিক উল্লাহ। তিনি বলেন, জিপিএ-৫ পাওয়া বড় অর্জন হলেও ভালো মানুষ হতে হবে। সবার জন্য নিজেকে বিলিয়ে দিতে হবে। আত্মকেন্দ্রিক হওয়া যাবে না, মানুষের উপকারে আসতে হবে।

প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত সাহিত্যিক সুমনকুমার দাশ বলেন, ‘একটি ভালো ফলাফল তোমাকে অন্যদের চেয়ে বড় মানুষ করে না। বরং এই ফলাফল তোমার সামনে আরও বড় দায়িত্ব তৈরি করে—তুমি কীভাবে জ্ঞানকে কাজে লাগাবে, কীভাবে মানুষের পাশে দাঁড়াবে।’

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলতে শিক্ষার্থীদের শপথ পড়ানো হয়। কৃতী শিক্ষার্থীদের মধ্য থেকে ইব্রাহিম নহিন ও ফারজানা আক্তার অনুভূতি জানিয়ে বক্তব্য দেয়। তারা ফলাফল অর্জনে অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে এ ফলাফল ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে।

অতিথি ও আয়োজকদের সঙ্গে কুইজ বিজয়ী শিক্ষার্থীরা। কিশোরগঞ্জ, ২১ সেপ্টেম্বর ২০২৬

সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন শিল্পী ফারাহ কাশ্মীর ও মিল্কি আক্তার। গানে গানে কিছু সময় শিক্ষার্থীদের মাতিয়ে রাখেন তাঁরা।

শেষে কুইজ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে বই তুলে দেন পরপর তিন বিসিএসে সাফল্য পাওয়া নজরুল ইসলাম, বন্ধুসভার উপদেষ্টা মো. জাকারিয়া, বৃক্ষপ্রেমী হোছেন আলমগীর ও দুষ্প্রাপ্য বইয়ের সংগ্রাহক শরিফুল ইসলাম।