
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের পল্লিতে হামলার প্রতিবাদে এবং হামলাকারী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করা হয়েছে। জেলা জাতীয় আদিবাসী পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।
এরপর একই দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিটি গ্রহণ করেন ইউএনও সানজিদা সুলতানা। আজ বুধবার দুপুর ১২টায় এই কর্মসূচি পালন করা হয়। এর আগে শেরপুর পৌর শিশুপার্কের শহীদ মিনার থেকে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। এতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কয়েক শ নারী-পুরুষ অংশ নেন।
ঘেরাও কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, বাসদ বগুড়া জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম, নওগাঁ জেলার আহ্বায়ক জয়নাল আবেদীন, দিনাজপুর জেলার আহ্বায়ক কিবরিয়া হোসেন, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলার সভাপতি রঘুনাথ টেক্কা, বগুড়া জেলার সভাপতি সন্তোষ সিং, স্থানীয় নারীনেত্রী গীতা রানি সিং প্রমুখ।
বক্তারা বলেন, ৮ জানুয়ারি ভবানীপুর ইউনিয়নের আম্বইল গ্রামের নিবাসী সন্তোষ সিংয়ের এর পৈতৃক জমিসহ আম্বইল, গোড়তা মৌজার আদিবাসীদের ভোগ দখলে থাকা খাস জমি দখলের উদ্দেশ্যে স্থানীয় ভূমিদস্যুরা হামলা চালান। হামলা থেকে কেউ রেহাই পায়নি। নারী, শিশু, বৃদ্ধদের মারধর করে মারাত্মক জখম করা হয়েছে। থানায় জানানোর পর পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এই ঘটনার পর প্রশাসনের মধ্যস্থতায় উভয় পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক হয়। সমঝোতা বৈঠক থেকেই ১০ দিনের মধ্যে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু পরদিনই ১১ জানুয়ারি সকালে পাহারারত পুলিশের উপস্থিতিতে আবার হামলা চালানো হয়। এমন পরিস্থিতিতে এলাকার আদিবাসী নারী–পুরুষ নিরাপত্তাহীন ও মানবেতর জীবন যাপন করছে। তাদের মধ্যে এক ভয়াবহ আতঙ্ক বিরাজ করছে। তারা প্রায় দুই সপ্তাহ ধরে বাড়িতে অবরুদ্ধ। স্কুলে, বাজারে, জমিতে, কর্মস্থলে যেতে পারছে না তারা।
বক্তারা অবিলম্বে হামলাকারী ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। পাশাপাশি একই দাবিতে ২৪ জানুয়ারি বগুড়ার সাতমাথায় বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।