লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগের সাবেক নেতাকে মারধরের অভিযোগ

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মারধরে শিকার জেলা ছাত্রলীগের সাবেক নেতা রাকিব ইমাম। মঙ্গলবার সন্ধ্যায়
ছবি: প্রথম আলো

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম জিহাদীর বিরুদ্ধে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে মারধরের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকার কায়কোবাদ মিলনায়তনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রামের রফিক উল্যার ছেলে। অন্যদিকে অভিযুক্ত আবুল কাশেম বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বশিকপুর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে পোদ্দার বাজার এলাকার কায়কোবাদ মিলনায়তনে প্রস্তুতি সভা চলছিল। ওই সভা চলাকালে উপস্থিত নেতা-কর্মীদের সামনেই রাকিবকে মারধর করে আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদী ও তাঁর অনুসারীরা। এ সময় উপস্থিত ছাত্রলীগ নেতারা তাঁকে উদ্ধার করেন

রাকিব ইমাম অভিযোগ করে বলেন, কোনো কারণ ছাড়াই হঠাৎ কাশেম জিহাদী ও তাঁর অনুসারীদের নিয়ে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে উদ্ধার করেন। তিনি বলেন, কাশেম জিহাদী নিজের নামে বাহিনী তৈরি করে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। তাঁর বিরুদ্ধে থানায় ২০ থেকে ২৫টি মামলা আছে। একবার পুলিশ সদর দপ্তরে ঘুষ দিতে গিয়ে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তখন ঘটনাটি সারা দেশে আলোচিত হয়েছিল। আজকের ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলে জানান।

অভিযোগ অস্বীকার করে আবুল কাশেম জিহাদী বলেন, ‘ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ সঠিক না। আমি ছাত্রলীগের প্রস্তুতি সভায় ছিলাম। দলের একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।

এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক নেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল করিম প্রথম আলোকে বলেন, ‘রাকিবের ওপর হামলা ঘটনাটি দুঃখজনক। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জিহাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা আওয়ামী লীগের নেতাদের কাছে আমরা দাবি জানাব।’

জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘রাকিবকে দেখতে আমরাও হাসপাতালে গিয়েছিলাম। ঘটনাটি তদন্ত করে দেখবে ছাত্রলীগ।’