রায়পুরায় ট্রেনে কাটা পড়া নারীর তিন টুকরা লাশ উদ্ধার

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়া অজ্ঞাতনামা এক নারীর তিন টুকরা লাশ পাওয়া গেছে। আজ বুধবার বেলা সোয়া দুইটার দিকে ট্রেনটি উপজেলার মেথিকান্দা রেলস্টেশন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই নারীর শরীর থেকে মাথা ও এক পা বিচ্ছিন্ন ছিল।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, রেললাইন ধরে হেঁটে স্টেশনটির প্ল্যাটফর্মের দিকে আসার সময় ওই নারী ট্রেনে কাটা পড়েন।

নিহত নারীর বয়স পঞ্চাশের কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে। তাঁর পরনে ছিল হালকা গোলাপি রঙের শাড়ি ও ওড়না। ওই নারীকে স্থানীয় লোকজন চিনতে পারছেন না। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়া ওই নারীর তিন টুকরা লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহত নারীর স্বজনদের খোঁজ পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে। না পেলে বেওয়ারিশ লাশ হিসেবে দাফনের ব্যবস্থা করা হবে।