থেমে থাকা বাসে ধাক্কা, ছিটকে পড়ে চালকের সহযোগীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঢাকার সাভার উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বাসের চালকের সহযোগীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এসআই নামের যাত্রীবাহী একটি বাস পেছন থেকে অপর একটি বাসকে ধাক্কা দেয়। এতে এসআই বাসের চালকের সহযোগী গেট থেকে সড়কে ছিটকে পরেন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় বাসটি জব্দ করেছে সাভার হাইওয়ে থানা-পুলিশ।

নিহত মো. সবুজ মিয়া (২৭) সিরাজগঞ্জের সদর থানার মীরপুর দক্ষিণ পাড়া গ্রামের সাহেব আলীর ছেলে।

সাভার হাইওয়ে থানার পুলিশ জানায়, আজ বুধবার সকালে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল এসআই নামের বাসটি। সকাল সাড়ে আটটার দিকে বাসটি ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে হেমায়েতপুরের জোড়পুল এলাকায় পৌঁছালে সামনের অপর একটি বাসকে ধাক্কা দেয়। এ সময় এসআই পরিবহন বাসের গেটে দাঁড়িয়ে থাকা চালকের সহযোগী সবুজ মিয়া নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পরে মারাত্মকভাবে আহত হন। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পরপরই ওই বাসের চালক বাস থামিয়ে পালিয়ে যান।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বলেন, বাসটি ঘটনাস্থল থেকে জব্দ করে থানায় আনা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা থানায় এসেছেন। তবে তাঁরা মামলা করতে আগ্রহী নন বলে জানিয়েছেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ বাসটি জব্দ করে।