
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শীতলক্ষ্যার দুই পারের সাফাইশ্রী ও তরগাঁও গ্রাম দিয়ে সংযোগ বাড়াতে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আজ শনিবার দুপুরে নদীর পারে করা মানববন্ধনে এই দাবি জানান তাঁরা।
নদীর দুই পারের দুই শতাধিক বাসিন্দা সেতুর দাবিসংবলিত ব্যানার নিয়ে এতে অংশ নেন। মানববন্ধন শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, শীতলক্ষ্যা নদীর দুই পারের তরগাঁও ও সাফাইশ্রী যুক্ত করতে লাখখানেক বাসিন্দা দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। তাই যত দ্রুত সম্ভব এ সেতু নির্মাণের উদ্যোগ নিতে হবে সরকারকে।
সেতু নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময় আবেদন করেছেন জানিয়ে ওই এলাকার বাসিন্দা ও সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা এম এ গনি মানববন্ধনে বলেন, নদীর দুই পারের মানুষ কষ্ট করে নৌকায় যাতায়াত করেন। সেতুটি নির্মিত হলে দুই পারের বাসিন্দাসহ কাপাসিয়া থেকে পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী পর্যন্ত মানুষের চলাচলে সুবিধা হবে।
মানববন্ধনে আরও বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম, মো. মনির হোসেন প্রমুখ।
জানতে চাইলে কাপাসিয়া উপজেলা প্রকৌশলী মো. মাইন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সেতু নির্মাণের জন্য আবেদন পেয়েছি। প্রাথমিক পর্যায়ে সেখানে সেতু নির্মাণের গুরুত্ব যাচাই করা হচ্ছে। পরে এ–সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’