চুয়াডাঙ্গার দুটি সরকারি বিদ্যালয় 

অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষ মুখোমুখি 

তৃতীয় শ্রেণিতে ভর্তির আবেদনে তথ্য জালিয়াতি ও লটারি বিতর্কের মধ্যে ৩৮ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলার মানচিত্র
চুয়াডাঙ্গা জেলার মানচিত্র

চুয়াডাঙ্গার দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তির আবেদনে তথ্য জালিয়াতি ও লটারি বিতর্কের মধ্যে ৩৮ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। এতে অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। 

অভিভাবকেরা বলছেন, শিশুদের ভর্তি নিয়ে কর্তৃপক্ষের খামখেয়ালিপনা সহ্য করা হবে না। সফটওয়্যারের দুর্বলতার দায় শিক্ষার্থী-অভিভাবকেরা নেবেন না। প্রয়োজনে তাঁরা আইনি লড়াইয়ে নামবেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, নামে-বেনামে তথ্য জালিয়াতি করে একজন শিক্ষার্থীর বিপরীতে যাঁরা দুই থেকে ১০টি আবেদন করেছেন, তার মাশুল সংশ্লিষ্টদের নিতে হবে। 

২০২৩ শিক্ষাবর্ষে তৃতীয় শ্রেণিতে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়। দুই পালায় ভিক্টোরিয়া জুবিলী (ভি. জে) সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৪০টি আসনের বিপরীতে ২ হাজার ২৪৫ এবং সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ২৪০টি আসনের বিপরীতে ২ হাজার ১৭৬ অনলাইনে দরখাস্ত জমা পড়ে। 

১২ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির ফলাফল প্রকাশ করা হয়। এতে কোনো কোনো শিক্ষার্থীর নাম দুই থেকে ছয় জায়গায় দেখা যায়। ১৪ ডিসেম্বর মাউশির নির্দেশনা মেনে শুরু হয় ‘নির্ভুল’ যাচাই-বাছাই। এতে তথ্য জালিয়াতির বিষয়টি সামনে চলে আসে। লটারিতে মেধা তালিকায় একাধিক জায়গায় যাদের নাম আছে, তাদের বাদ রেখেই শুরু হয় ভর্তি প্রক্রিয়া। 

১৮ ডিসেম্বর সকাল থেকে ১৯ ডিসেম্বর দুপুর পর্যন্ত ‘নির্ভুল’ তালিকা থেকে দুটি বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম চলে। বালিকা বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটাসহ ১৯১জনকে ভর্তি করা হয়। অবশিষ্ট ৪৯ আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হয়। অপর দিকে ভিক্টোরিয়া জুবিলীতে ২ পালায় ১১৫ জনের ভর্তি শেষে অবশিষ্ট আসনে অপেক্ষমাণ তালিকা অনুসরণ করা হয়। 

এদিকে ১৯ ডিসেম্বর বিকেলে মাউশি থেকে সব আবেদনকারীর লিংক পাঠিয়ে বলা হয় যে যারা একাধিকবার আবেদন করেছে, তাদের মধ্যে কেউ ভর্তি হয়ে থাকলে তা বাতিল বলে গণ্য করা হবে। এরপর দুটি বিদ্যালয়ের আবেদনপত্র নতুন করে যাচাই-বাছাই চলে। এতে বালিকা বিদ্যালয়ে ভর্তি ১৯১ জনের মধ্যে ২২ জনের এবং ভিক্টোরিয়া জুবিলীতে ভর্তি ১১৫ জনের মধ্যে ১৬ জনের একাধিক আবেদন করার প্রমাণ মেলে। বিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি বাতিল করে শিক্ষার্থীদের নাম প্রকাশ করে। 

এই সিদ্ধান্তে অভিভাবকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। আজাদ রহমান নামের এক অভিভাবক বলেন, ‘গোড়ায় গলদ নিয়ে আগে কাজ করতে হবে। একজন শিক্ষার্থীর নামে একাধিক আবেদন সফটওয়্যারে গ্রহণ না করলে এই দুর্ভোগ পোহাতে হতো না।’

আরেক অভিভাবক রুহুল আমিন বলেন, মাউশির সর্বশেষ নির্দেশনায় অনেকের ভর্তি বাতিল হচ্ছে। একই পত্রের ৩ নম্বর নির্দেশনায় প্রথম শ্রেণির জন্য বয়স ছয় বছরের বেশি ও দ্বিতীয় শ্রেণির জন্য সাত বছরের বেশি বলা হলেও অন্য শ্রেণির ক্ষেত্রে তা প্রযোজ্য নয় বলে উল্লেখ করা হয়েছে। অথচ, এর আগে বলা হয়েছে তৃতীয় শ্রেণিতে ভর্তি হতে হলে বয়স ৮ বছরের বেশি হতে হবে। এ কেমন খামখেয়ালিপনা? 

জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান পদাধিকার বলে এই দুটি বিদ্যালয়ের সভাপতি। তিনি বলেন, মাউশির সর্বশেষ নির্দেশনা অনুযায়ী ভর্তি কার্যক্রম শেষ হলে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শুরু হবে। কাগজপত্র যাচাইয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম, নাঈমা জাহান ও আবদুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা চৌধুরী বলেন, ‘মাউশির নির্দেশনা মেনেই সবকিছু করতে হচ্ছে। যাদের ভর্তি বাতিল করা হয়েছে, ২৪ ও ২৬ ডিসেম্বর তাদের টাকা ফেরত দেওয়া হবে।’

ভিক্টোরিয়া জুবিলীর প্রধান শিক্ষক বিলাল হোসেন বলেন, একজনের নামে একাধিক আবেদনপত্র সফটওয়্যারে গ্রহণ করায় সমস্যার শুরু। যাদের নামে একাধিক আবেদন জমা পড়েছে, তাদের সরাসরি বাদ দিলে এই জটিলতা থাকতো না