রাঙামাটির বিলাইছড়ি
রাঙামাটির বিলাইছড়ি

নির্বাচনী দায়িত্ব পালন না করায় সাময়িক বরখাস্ত, চাকরিতেই নেই ওই কর্মকর্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন না করায় রাঙামাটির বিলাইছড়ি উপজেলার পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছে নির্বাচন কমিশন। ওই ব্যক্তির নাম আবদুল্লাহ আল মামুন। তাঁকে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার রাইমংছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। নির্বাচন কমিশনকে না জানিয়ে তিনি নির্বাচনের দিন অনুপস্থিত ছিলেন।

অব্যাহতি দিলেও আবদুল্লাহ আল মামুন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তার পদ থেকে আগেই চাকরি ছেড়ে চলে যান। প্রতিষ্ঠানে কর্মরত না থাকায় তাঁর বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক পদক্ষেপ কার্যকর কে করবে, এ নিয়ে প্রশ্ন উঠেছে।

গতকাল রোববার নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিগত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ২৯৯ রাঙামাটি আসনের বিলাইছড়ি উপজেলার রাইমংছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ পান আবদুল্লাহ আল মামুন। তিনি কোনো কিছু না জানিয়ে দায়িত্ব পালনে বিরত থাকেন; যা নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ (সংশোধিত)–এর ধারা ৫(১) অনুযায়ী অসদাচরণ। এর পরিপ্রেক্ষিতে তাঁকে ২ মাসের জন্য চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া অভিযুক্তের নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে আইন অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন।

বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান প্রথম আলোকে বলেন, আবদুল্লাহ আল মামুন সহকারী প্রিসাইডিংঅফিসারের জন্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিলেন। এরপরও তিনি কী কারণে দায়িত্ব পালন করেননি, এ বিষয়ে কোনো ধরনের ব্যাখ্যা দেননি।

আবদুল্লাহ আল মামুনের অব্যাহতি নেওয়া প্রসঙ্গে ইউএনও বলেন, তিনি এখন আর কর্মরত নেই। এ কারণে সাময়িক বরখাস্ত বিষয়টি কার্যকর হবে না। তারপরও নির্বাচন কমিশনের আইনে কি আছে, সেটি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের রাঙামাটি জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আমিনুল হক বলেন, আবদুল্লাহ আল মামুন মাঠ কর্মকর্তা ছিলেন। তবে অন্য জায়গায় চাকরি হওয়ার কারণে প্রতিষ্ঠান থেকে তিনি অব্যাহতি নিয়েছেন।

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ফাতেমা আহমেদ সাময়িক বরখাস্তের বিষয়টি জানেন না বলে দাবি করেছেন।