দখল ঠেকাতে উদ্যোগ

পুকুরপাড়ে দৃষ্টিনন্দন পার্ক 

নগরের মুন্সিপাড়া ও টাংকিরপাড় পুকুরকে প্রাথমিকভাবে মডেল হিসেবে ধরা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী পুকুর দুটি পুনরুদ্ধার করে নির্মাণ করা হবে পার্ক।

দখলমুক্ত করার পর গাজীপুরের সরকারি পুকুরগুলোর পাড়ে নির্মাণ করা হবে দৃষ্টিনন্দন পার্ক। এরই মধ্যে নকশা প্রণয়ন করা হয়েছে
ছবি: সংগৃহীত

পুকুরের পাড়গুলো হবে গোলাকার হাঁটাপথ (ওয়াকওয়ে)। পথের মাঝখানে থাকবে ছোট-বড় সবুজ গাছ। গাছের ছায়ায় বসার জন্য বেঞ্চ আর ক্লান্তি দূর বা মনকে উজ্জীবিত করার জন্য এক কোণে থাকবে কফি হাউস। নগরবাসী আসবেন, বসবেন, হাঁটবেন। তাঁদের পদচারণে মুখর হয়ে উঠবে পুরো এলাকা। তাতে দখল-দূষণের হাত থেকে রক্ষা পাবে পুকুর।

গাজীপুরের সরকারি পুকুরগুলোকে দখল ও দূষণ থেকে স্থায়ীভাবে রক্ষা করতে এমন পরিকল্পনা হাতে নিয়েছে জেলা প্রশাসন। বেদখল বা অবহেলায় পড়ে থাকা পুকুরগুলো পুনরুদ্ধার করে পাড়ে দৃষ্টিনন্দন পার্ক বানাতে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে নকশা (ডিজাইন)। আনুষঙ্গিক কাজ শেষে পরিকল্পনাটির বাস্তবায়ন শুরু হবে আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে।

গত ৩ জুলাই প্রথম আলোতে গাজীপুরের ‘১৯২ সরকারি পুকুর বেদখল’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর থেকেই পুকুরগুলো পুনরুদ্ধারে মাঠে নামে প্রশাসন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জেলায় সরকারি বা খাসপুকুর রয়েছে ৮৮৭টি। এর মধ্যে ১৯২টি পুকুরই বেদখল। এগুলোর কোনোটি আংশিক, কোনোটি পুরোপুরি ভরাট করে নির্মাণ করা হয়েছে স্থায়ী-অস্থায়ী অবকাঠামো। আর এসব দখলের সঙ্গে জড়িত ক্ষমতাসীন দলের নেতা–কর্মী ও স্থানীয় প্রভাবশালীরা।

জেলা প্রশাসন সূত্র বলছে, পুকুরগুলো পুনরুদ্ধার বা দখলমুক্ত করতে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছিল। পুকুরগুলোর কোনোটি পুনঃখনন করে, কোনোটি পরিষ্কার–পরিচ্ছন্ন করে ব্যবহারের উপযোগী করে তোলা হয়েছিল। কিন্তু যথাযথ তদারকি না থাকায় পুকুরগুলো আবার দখল হয়ে যায়। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ করেন। তাই এবার স্থায়ী সমাধান হিসেবে নেওয়া হয়েছে পার্ক নির্মাণের উদ্যোগ। এতে জনসংশ্লিষ্টতা বেড়ে পুকুরগুলো রক্ষা পাবে বলে মনে করছে প্রশাসন।

জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের কর্মকর্তারা বলছেন, পুকুরগুলো পুনরুদ্ধারের পর তা দখলমুক্ত রাখতে তিনটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাঁদের। প্রথমত, পুকুরগুলোর কোনো নির্দিষ্ট মালিকানা নেই। এ কারণে যে কেউ পুকুরগুলো দখল বা দূষণে জড়িয়ে পড়েন। দ্বিতীয়ত, অস্থায়ী ব্যবস্থা। অর্থাৎ পুকুরগুলো রক্ষায় কোনো স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় না। এ কারণে তা পুনরায় বেদখল হয়ে যায়। তৃতীয় কারণটি হলো কোনো নির্দিষ্ট সীমানা না থাকা। পুকুরের পাড়গুলো ঠিকমতো বাঁধাই করে না রাখায় পাড় ভেঙে তা ক্রমেই দখল হয়ে যায় বলে দাবি কর্মকর্তাদের।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মূলত পুকুরগুলোতে সামাজিক ব্যবহার বাড়াতে পারলেই তা স্থায়ীভাবে রক্ষা পাবে। আমরা সেই লক্ষ্য সামনে রেখেই পুকুরগুলো উদ্ধার করে পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে বেশ কিছু পুকুরের নকশা প্রস্তুত করা হয়েছে।’

প্রাথমিকভাবে গাজীপুর মহানগর এলাকার পুকুরগুলো নিয়ে কাজ করবে জেলা প্রশাসন। এখানে পুকুর রয়েছে প্রায় ৪০০। এর মধ্যে নগরের ‘মুন্সিপাড়া’ ও ‘টাংকিরপাড়’ পুকুরকে মডেল হিসেবে বাছাই করা হয়েছে। দুটি পুকুরই গাজীপুর শহর এলাকায়। দুটি পুকুরই দখল-দূষণে ভরা। পরিকল্পনার অংশ হিসেবে পুকুরগুলোর পাড় বাঁধাই করে চারপাশে নির্মাণ করা হবে হাঁটার পথ (ওয়াকওয়ে)। চারপাশে থাকবে সবুজ গাছপালা। থাকবে বসার বেঞ্চ, কফি হাউসসহ থাকবে বিনোদনের ব্যবস্থা। এর ফলে পুকুরগুলো ঘিরে বাড়বে মানুষের পদচারণ।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের নকশা প্রণয়ন থেকে শুরু করে আনুষঙ্গিক প্রায় সব কাজ শেষ। এখন শুধু আর্থিক সাপোর্টের অপেক্ষায়। আমরা এরই মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে কথা বলেছি। তাদের সহযোগিতা পেলেই আমাদের বাস্তবায়নকাজ শুরু করব।’