
ভোট পুনর্গণনার দাবিতে রংপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিএনপির পরাজিত তিনজন প্রার্থীর সমর্থকেরা। আজ রোববার দুপুরে তিন প্রার্থীর নেতৃত্বে হাজারো কর্মী-সমর্থক মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ শেষে তাঁরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সঙ্গে সাক্ষাৎ করে ভোট পুনর্গণনার দাবি জানান।
বিএনপির পরাজিত ওই তিন প্রার্থী হলেন রংপুর-৩ (সদর-সিটি) আসনের সামসুজ্জামান সামু, রংপুর-৪ আসনের এমদাদুল হক ভরসা ও রংপুর-৬ আসনের সাইফুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ দুপুর ১২টার দিকে জেলা ও মহানগর কার্যালয় থেকে সামসুজ্জামান সামুর কয়েক শ কর্মী ও সমর্থক মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। এ সময় সামসুজ্জামান মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন। একই সময়ে রংপুর-৪ আসনের বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা ও রংপুর-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলামের কর্মী-সমর্থকেরা মিছিল নিয়ে যান। এ সময় বিএনপির নেতা-কর্মী ও তিন প্রার্থীর সমর্থকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে স্লোগান দেন। নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন বিএনপির তিন প্রার্থী।
সাইফুল ইসলাম বলেন, ‘রংপুরের ছয়টি আসনে আমরা সুষ্ঠু নির্বাচন চেয়েছিলাম, কিন্তু ১২ তারিখ আমাদের স্বপ্নের ওপর বিষাক্ত ছোবল মেরেছে রংপুরের রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসন। আজ প্রশাসনে রাজাকার এ আল বদরেরা ঘাপটি মেরে আছে। রংপুরের প্রশাসনের কে কোন দল করে, সেই তালিকা আমাদের হাতে আছে। তারা রাতের অন্ধকারে জামায়াতের হাতে ছয়টি আসন তুলে দিয়েছে।’
প্রতিবাদ সমাবেশ শেষে বিএনপির পরাজিত প্রার্থীরা জেলা প্রশাসক মোহম্মদ এনামুল আহসানের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁরা নির্বাচনের ভোট গণনা নিয়ে নানা অভিযোগ তুলে পুনর্গণনার দাবি করেন।
কথাবার্তার এক পর্যায়ে রংপুর-৪ আসনের প্রার্থী এমদাদুল হক ভরসা উত্তেজিত হন। তিনি জেলা প্রশাসকের উদ্দেশে বলেন, ‘আপনি আমার ফল ছিনতাই করছেন। আমার বউ-বাচ্চার চোখের পানি ফেলেছেন। এর জবাব আল্লাহর তরফ থেকে হবে। আল্লাহর তরফ থেকে আপনার বাচ্চা রাস্তায় কান্না করবে। আমার তরফ থেকে আপনার বিচার হবে।’
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান সাংবাদিকদের কাছে ভোট গ্রহণ ও ভোট গণনায় কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেন। তিনি বলেন, গত শুক্র ও শনিবার রংপুর-৪ ও ৫ আসনের প্রার্থীরা ভোট পুনর্গণনার জন্য আবেদন দাখিল করেছেন। আজ রংপুর-৩ আসনের প্রার্থী ভোট পুনর্গণনার জন্য আবেদন করেছেন। আগের দুই আবেদনের জন্য আজকের আবেদনও খুব তৎপরতার সঙ্গে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে পরবর্তী নির্দেশনার জন্য।
গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রংপুর-৩ আসনে জামায়াতের মাহবুবুর রহমান, রংপুর-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আখতার হোসেন ও রংপুর-৬ আসনে জামায়াতের মাওলানা নুরুল আমিনকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান। রংপুরের বাকি তিনটি আসনেও জয় পেয়েছে জামায়াতে ইসলামী।