সায়েম ফেরদৌস
সায়েম ফেরদৌস

কুয়েট ক্যাম্পাসে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্যাম্পাসে খান জাহান আলী হল-সংলগ্ন পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থীর নাম সায়েম ফেরদৌস (স্টুডেন্ট আইডি: ২৪২৫০৩০)। তিনি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। কুয়েটের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ এসব তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে খান জাহান আলী হল-সংলগ্ন পুকুরে সাঁতার কাটতে নামেন সায়েম। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ২০–৩০ মিনিট পর তাঁকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুকুরটির গভীরতা প্রায় ২৫ ফুট। উদ্ধারের পর ডুবুরি দল মরদেহ ব্যাগে করে নিয়ে যায়। তাঁর মরদেহ খুলনা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

এর আগে গত বছরের ৬ মে ওই পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ২০২৩ ব্যাচের শিক্ষার্থী শান্তনু কর্মকারের মৃত্যু হয়।