
নিয়ন্ত্রণহীনভাবে ইজিবাইক চলাচলের কারণে ময়মনসিংহ নগরের যানজট এখন মানুষের ধৈর্যের সীমা অতিক্রম করেছে বলে মত ব্যক্ত করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ময়মনসিংহ নগরকে মানুষের চলাচল উপযোগী করতে হলে যানজট নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার ময়মনসিংহ নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সঙ্গে যানজট নিরসনের লক্ষ্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ নগরকে যানজটমুক্ত করতে বলেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বেলা ১১টায় ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ সভা শুরু হয়। বেলা সোয়া দুইটা পর্যন্ত চলা সভায় ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নাগরিক আন্দোলনের পক্ষ থেকে যানজটমুক্ত ময়মনসিংহ নগরের দাবি ছাড়াও ব্রহ্মপুত্র নদের পাড়ের অবৈধ দখল, জলাবদ্ধতা দূরীকরণ, সাংস্কৃতিক পল্লি নির্মাণ ও নারী উদ্যোক্তাদের জন্য আলাদা ব্যবসা জোন প্রতিষ্ঠার দাবিতে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়রের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
সভায় ময়মনসিংহ নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রামের সাধারণ সম্পাদক নুরুল আমিন কালাম সিটি করপোরেশন কর্তৃপক্ষের উদ্দেশে বলেন, ‘ময়মনসিংহকে যানজটমুক্ত করতে হবে। এবার আমরা আর আপনাদের ছেড়ে কথা বলব না। ময়মনসিংহ নগরের যানজট দেখে মনে হয় এ শহরের কোনো অভিভাবক নেই। পরিষ্কারভাবে বলছি, আগামীকাল থেকে যানজটমুক্ত শহর চাই।’
সভায় অন্য বক্তারা বলেন, ময়মনসিংহ নগরে ইজিবাইক চলাচলের কোনো নিয়ন্ত্রণ নেই। লাইসেন্স নম্বর অনুযায়ী জোড় ও বিজোড় সংখ্যায় ভাগ করে ইজিবাইককে লাল ও সবুজ রং দিয়েছে সিটি করপোরেশন। এক দিন লাল ও পর দিন সবুজ রঙের ইজিবাইক চলাচলের নিয়ম। তবে অনেক ক্ষেত্রে এমন হয়, লাল রঙের ইজিবাইক সারা দিন চালিয়ে রাতারাতি সবুজ রং করে পরদিন আবারও চলছে। যে কারণে ইজিবাইক নিয়ন্ত্রণ করতে পারছে না সিটি করপোরেশন।
সভায় ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সংগ্রাম পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী নাগরিকদের দাবিগুলোকে সিটি করপোরেশন গুরুত্বের সঙ্গে নিয়ে সমাধানের জন্য কাজ করবে বলে আশ্বাস দেন। পাশাপাশি সব নাগরিককে নিয়ম মেনে চলার কথাও বলেন।