
চারদিকে সবুজের সমারোহ। সারি সারি সুপারি আর নারকেলগাছ। মাঝখানে বিশাল দিঘির জলরাশি। দুপুরের মিষ্টি রোদের ঝিলিক পড়তেই দিঘির পানি চকচক করে উঠছে। এর সঙ্গে বহমান বসন্তের আগমনী বাতাস যেন মনকে ভরিয়ে দিচ্ছে। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে মনে পড়ে গেল পল্লিকবি জসীমউদ্দীনের কবিতা ‘পুরান পুকুর’–এর কয়েক লাইন। পল্লিকবি লিখেছিলেন—
‘পুরান পুকুর, তব তীরে বসি ভাবিয়া উদাস হই,
খেজুরের গোড়ে বাঁধা ছোট ঘাট, করে জল থই থই’
লক্ষ্মীপুর শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে রায়পুর-লক্ষ্মীপুর সড়কে পাশে দালালবাজার এলাকায় ‘খোয়াসাগর’ দিঘির অবস্থান। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দিঘি দেখতে প্রতিদিনই অসংখ্য মানুষ ভিড় করেন। সম্প্রতি পর্যটন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আর্থিক সহায়তায় দিঘিতে বেশ কিছু সংস্কারকাজ করা হয়েছে। এতে বর্তমানে খোয়াসাগর দিঘি বিনোদনকেন্দ্রে রূপ নিয়েছে।
প্রায় আড়াই শ বছরের পুরোনো এই দিঘি ঘিরে লোকমুখে একটি রহস্যময় গল্প প্রচলিত আছে। দালালবাজারের জমিদার ব্রজবল্লভ রায় স্থানীয় লোকজনের বিশুদ্ধ পানি চাহিদা মেটাতে ১৭৭৫ সালে দিঘিটি খনন করেন। এর কিছুদিন পর পালকিতে চড়ে এক নববধূ ওই দিঘির পাশ দিয়ে যাচ্ছিলেন। দূরের পথ হওয়ায় দিঘির পানি পান করে ওই বধূ তৃষ্ণা মেটানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। পরে ওই বধূ পালকি থেকে নেমে পানি পান করতে দিঘির পাড়ে যান। এরপর আর ওই বধূকে খুঁজে পাওয়া যায়নি। এরপর কয়েক শ বছর পেরিয়ে গেলেও এখনো গল্পটি মুছে যায়নি।
খোয়াসাগর দিঘির নামকরণ নিয়েও মজার যুক্তি আছে। প্রায় ২২ একর বিস্তৃত দিঘিটির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পরিষ্কার দেখা যায় না। একনজর দেখলে মনে হয়, দিঘিটি কুয়াশায় আচ্ছন্ন। কুয়াশাকে স্থানীয় ভাষায় ‘খোয়া’ বলা হয়। আর এই দিঘির আকার ও টলটলে পানিকে সাগরের সঙ্গে তুলনা করে স্থানীয় লোকজন। এই দুই যুক্তি মিলিয়ে দিঘিটির নাম দেওয়া হয় ‘খোয়াসাগর’।
খোয়াসাগর দিঘির চারপাশ সংস্কারের পর থেকে দিঘিটি যেন নতুন রূপ পেয়েছে। প্রতিদিন বিকেলে দিঘির পাড়ে আইসক্রিম, ফুচকা, চটপটি, আচার, শরবত, ঝালমুড়ি, পাঁপড়, জিলাপিসহ হরেক পদের খাবারের পসরা সাজান দোকানিরা। দিঘির পাশে শিশুদের জন্য আছে নাগরদোলা আর চরকি।
লক্ষ্মীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি পর্যটন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আর্থিক সহায়তায় দিঘি এলাকাকে নান্দনিক বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। দিঘির উত্তর ও পশ্চিম পাশে দেয়াল ও চলাচলের রাস্তা নির্মাণ করা হয়েছে। দিঘিমুখী করে খোলা আকাশের নিচে বসানো হয়েছে চেয়ার। রাতের বেলায় হরেক রঙের বাতিতে দিঘির পাড় হয়ে ওঠে জাঁকজমকপূর্ণ। এ ছাড়া দিঘিতে ঘোরার জন্য নান্দনিক কয়েকটি ছোট নৌকা আছে। ইতিমধ্যে জেলা-উপজেলা প্রশাসন, জেলা পরিষদসহ বিভিন্ন মাধ্যমে প্রায় দুই কোটি টাকার কাজ করা হয়েছে বলে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে। বাকি কাজগুলোও চলমান।
গতকাল বুধবার বিকেলে খোয়াসাগর দিঘির পাড়ে গিয়ে গেল সেখানে বিভিন্ন বয়সের মানুষ বেড়াতে এসেছেন। কেউ এসেছেন পরিবার নিয়ে। আবার কেউ কেউ এসেছেন বনভোজন করতে। রামগঞ্জ উপজেলা থেকে বন্ধুদের সঙ্গে এখানে পিকনিকে এসেছেন মাহমুদ। তিনি বলেন, প্রথমবারের মতো তিনি এই দিঘিতে বেড়াতে এসেছেন। দিঘির ছিমছাম পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ। দুপুরে খাওয়াদাওয়ার পর তিনি বন্ধুদের সঙ্গে দিঘিতে নৌকায় ভ্রমণ করেছেন।
লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, লক্ষ্মীপুরে বেড়ানোর মতো তেমন কোনো স্থান নেই। তবে এখন খোয়াসাগর দিঘির আশপাশের এলাকা সংস্কার করায় সেই অভাব পূরণ হয়েছে। সারা দিনের ব্যস্ততা আর ক্লান্তি শেষে বিকেলে এখানে দারুণ সময় কাটানো যায়।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ প্রথম আলোকে বলেন, বহু ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী খোয়াসাগর দিঘি। এই দিঘির পর্যটন-সম্ভাবনাকে কাজে লাগাতে সম্প্রতি সরকারি নানা উদ্যোগ নেওয়া হয়েছে। দিঘিটি এখন জেলাবাসীর বিনোদনের অন্যতম স্থান। দিঘিতে পর্যটকদের সংখ্যা দিন দিন বাড়ছে।