ছুরিকাঘাত
ছুরিকাঘাত

গাজীপুরে ভাড়া বাসার সামনে প্রকাশ্যে তরুণীকে ছুরিকাঘাত করে হত্যা

গাজীপুরে ভাড়া বাসা থেকে ডেকে বের করে প্রকাশ্যে এক তরুণীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বাসা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান অজ্ঞাত এক যুবক। পরে হাসপাতালে নেওয়ার সময় পথে তরুণী মারা যান। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরের কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম সানজিদা আক্তার (২৩)। তিনি বরিশালের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা শাজাহান হাওলাদারের মেয়ে। তিনি গাজীপুর নগরের আমবাগ আতাউর মার্কেট এলাকার একটি ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে এক যুবক এসে ভাড়া বাসার কক্ষ থেকে সানজিদাকে ডেকে বাইরে আনেন। এরপর কিছু বুঝে ওঠার আগেই সানজিদার বুকে ছুরিকাঘাত করেন ওই যুবক। সানজিদা মাটিতে লুটিয়ে পড়লে ওই যুবক পালিয়ে যান। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় সানজিদাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

গাজীপুর নগরের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন প্রথম আলোকে বলেন, কী কারণে ওই নারীকে হত্যা করা হয়েছে, এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।