তমিজ উদ্দিনের অপেক্ষায় স্ত্রী রেজিনা বেগম ও ছোট ছেলে রাসেল রানা। গত শনিবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজোত গ্রামে
তমিজ উদ্দিনের অপেক্ষায় স্ত্রী রেজিনা বেগম ও ছোট ছেলে রাসেল রানা। গত শনিবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজোত গ্রামে

বিএসএফের হাতে আটক স্বামীর অপেক্ষায় স্ত্রী, সাজা শেষে ফিরতে পারছেন না এক ভারতীয়

‘যে কুনো উপায়ে বুড়া মানষিডাক আনে দেও বাপু। এ্যালা ঠান্ডার দিন আচ্চে। বুড়া মানষি, কেংকো আছে, কী খাচে, আল্লাহই জানে। বাড়িতে ওর যত অসুখ, ওইঠে সেলা কায় দেখিবে।’

কথাগুলো বলতে বলতে দীর্ঘশ্বাস ফেলছিলেন তিন মাস আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হওয়া তমিজ উদ্দিনের (৭৮) স্ত্রী রেজিনা বেগম (৬০)। স্বামী কোথায় আছেন, কেমন আছেন—কিছুই জানেন না তিনি। স্বামীকে ফিরে পেতে সন্তানদের নিয়ে ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে। যোগাযোগের চেষ্টা করছেন বিভিন্ন দপ্তরে।

তমিজ উদ্দিন পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজোত গ্রামের বাসিন্দা। গত শনিবার বিকেলে তাঁর বাড়িতে গিয়ে কথা হয় পরিবারের সদস্যদের সঙ্গে। চার ছেলে ও স্ত্রীকে নিয়ে এখানে থাকতেন তমিজ উদ্দিন। ছেলেদের কেউ ট্রাক চালান, কেউ চা-শ্রমিক।

পরিবারের সদস্যরা জানান, তাঁদের নিজেদের কোনো আবাদি জমি নেই। অন্যের জমি চুক্তিতে নিয়ে চাষাবাদ করে চলে সংসার। বয়সের ভারে ভারী কাজ করতে না পারায় বাড়ির পাশের সীমান্ত এলাকায় নিজেদের পালিত গরুকে ঘাস খাওয়াতেন তমিজ উদ্দিন।

প্রায় তিন মাস আগে পঞ্চগড়ের বিরাজোত সীমান্ত থেকে বিএসএফের হাতে আটক হন বাংলাদেশি নাগরিক তমিজ উদ্দিন

গত ৮ আগস্ট সকালে বাড়ির পাশের বিরাজোত সীমান্তে একটি দলছুট গরু খুঁজতে গিয়ে ভুলক্রমে ভারতীয় ভূখণ্ডে ঢোকেন তমিজ উদ্দিন। এ সময় তাঁকে আটক করে বিএসএফ। এরপর আর দেশে ফেরেননি তিনি।

তমিজ উদ্দিনের ছেলে রাসেল রানা বলেন, তিনি শুনেছেন, তাঁর বাবাকে ২০–২৫ দিনের মতো কারাদণ্ড দেওয়া হয়েছিল। জলপাইগুড়িতে জেলে থাকার সময় ফোনে কথা বলার সুযোগ পেয়েছিলেন। পরে তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয় বলে জেনেছেন। দেড়-দুই মাস ধরে আর কোনো যোগাযোগ করতে পারছেন না। তাঁর বাবাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণায়ের মাধ্যমে ভারতে থাকা বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।

প্রায় তিম মাস আগে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশে আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপ

ভারতীয় নাগরিকও ফিরতে পারছেন না

তমিজ উদ্দিনকে নিয়ে যাওয়ার দিনে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতের নাগরিক দীপঙ্কর গোপকে (৩৫) আটক করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার দিন ও পরের দিন ৯ আগস্ট ওই সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক হলেও বিষয়টির সমাধান হয়নি। পরে বিজিবি তাঁকে পঞ্চগড় সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করে। বিজিবির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা করা হয়।

মামলায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন দীপঙ্কর। এরপর গত ৩ সেপ্টেম্বর পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন তাঁকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে সাজা ভোগ শেষ হওয়ার প্রায় দুই মাস পেরিয়ে গেলেও দুই দেশের হাইকমিশন পর্যায়ে সিদ্ধান্ত না আসায় তিনি এখনো পঞ্চগড় জেলা কারাগারে আছেন।

কারাগারের জেলার ফেরদৌস মিয়া বলেন, ‘এ ধরনের ঘটনায় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দুই দেশের হাইকমিশন পর্যায়ে কার্যক্রম চলে। এই কার্যক্রম শেষে নির্দেশনা পেলেই আমরা তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করব।’