‘কলা বেচে এখন চলা দায়’

সিলেট নগরে ভ্যানে করে কলা বিক্রি করেন মুসাব আলী
ছবি: প্রথম আলো

বয়স ষাটের কাছাকাছি মুসাব আলীর। বাড়িতে স্ত্রী, সন্তানসহ তাঁরা চারজন। পরিবারে একমাত্র উপার্জনকারী তিনি। ভ্যানে করে কলা বিক্রি করে সংসার চালান। জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, কলা বেচার টাকায় তাঁর সংসার চলতে চাইছে না।

আজ বুধবার সকালে নগরের বারুতখানা এলাকায় ভ্যানে করে কলা বিক্রি করছিলেন মুসাব আলী। ভ্যানে থাকা কলাগুলো গোছাতে গোছাতে তিনি বলেন, ‘কলা বেচে এখন চলা দায়। দিনে ৫০০ টাকা আয় করলেও ঘরভাড়া, সংসার খরচসহ সব মিলিয়ে চলা দায়।’

মুসাব আলীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁর ছেলে ফয়েজ মিয়া (২৮) সম্প্রতি বিয়ে করেছেন। তবে ছেলে কিছু করেন না। বিয়ের সময় কিছু ঋণ করেছিলেন। এখন সেটি পরিশোধ করবেন, না সংসার চালাবেন, সেটি নিয়ে চিন্তিত। ছেলে কিছু পড়ালেখা করেছেন, কিন্তু কোথাও চাকরি পাচ্ছেন না। এখন চিন্তা করছেন, ছেলেকে দিয়েও ফেরি করাবেন। ঘরে বসে থেকে আর লাভ নেই।

মুসাব আলীর বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে। ১৯৮৪ সালে তিনি সিলেটে এসেছিলেন। এর পর থেকে তিনি বেশির ভাগ সময় সিলেটেই থাকেন। মাঝেমধ্যে বাড়িতে যান। নগরের কাজির বাজার এলাকায় তিনি বাসা নিয়ে থাকেন। আগে অন্য ব্যবসা করলেও কয়েক বছর ধরে তিনি কলা বিক্রি করছেন। তিনি বলেন, সম্প্রতি সিলেটে সাগরকলা বেশি আসছে। চাহিদাও আছে। তবে ক্রেতাদের কাছ থেকে বেশি দাম নিতে পারছেন না। বেশি দাম চাইলে কলা বিক্রি না হওয়ার আশঙ্কা থাকে। অবিক্রীত কলা পচে যাওয়ার ঝুঁকি থাকে। পচে গেলে মূলধন হারাতে হবে।

দুই থেকে তিন দিন পরপর মুসাব আলী আড়ত থেকে কলা সংগ্রহ করেন। পরে সেগুলো বিক্রি করে আবার আড়তে গিয়ে কলা আনেন। তিনি জানান, পিস হিসাবে প্রতিদিন ৫০০ থেকে ৬০০টি কলা বিক্রি করতে পারেন। প্রতিটি কলায় এক টাকা লাভ হয়। তবে হালিতে (চারটি) বিক্রি করলে লাভ কিছুটা কম হয়।

বারুতখানা এলাকার একটি বেসরকারি ব্যাংকের নিরাপত্তাকর্মী সেলিম মিয়া কলা কিনছিলেন। তিনি বলেন, ‘কলাগুলো ভালো লেগেছে। একটি খেয়ে দেখেছি, মিষ্টি ভালোই। এখন ঘরের জন্য কিছু কিনে রাখছি। কাজ শেষ করে সেগুলো নিয়ে যাব।’

সিলেটের কলার আড়তে খবর নিয়ে জানা গেছে, সিলেট নগরের তোপখানা এলাকা এবং দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় কলার আড়ত। এ দুই জায়গা থেকেই বিক্রেতারা কলা সংগ্রহ করেন। পরে সেগুলোই বিক্রি হয় নগরের বিভিন্ন জায়গায়ভাবে। সম্প্রতি নরসিংদী থেকে সাগরকলা বেশি আসছে সিলেটে। একসময় সিলেটে সাগরকলা দেখা না গেলেও এখন আবার সাগরকলার চাহিদা বেড়েছে।