বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে সংবাদ সম্মেলন করেন জাকসু নেতারা। আজ শনিবার বিকেল চারটার দিকে
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে সংবাদ সম্মেলন করেন জাকসু নেতারা। আজ শনিবার বিকেল চারটার দিকে

ধর্ষণচেষ্টার ঘটনায় অপরাধী গ্রেপ্তার না হলে মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রশাসনের গাফিলতির কারণে অভিযুক্তকে গ্রেপ্তার না করা গেলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন ছাত্র সংসদের নেতারা।

আজ শনিবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের বাসভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাকসুর নেতারা। এ সময় নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও অপরাধীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে মোট পাঁচটি দাবি জানান তাঁরা।

দাবিগুলো হলো দ্রুততম সময়ে অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তৎপর ভূমিকা রাখা, অপরাধী গ্রেপ্তারে ব্যর্থ হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা, তদন্ত ও ফুটেজ শনাক্তকরণে প্রশাসনিক গাফিলতির বিষয়ে রেজিস্ট্রার, নিরাপত্তা দপ্তর ও প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও দায় নির্ধারণ করা, এ ঘটনাকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহলের অপতৎপরতা ও বিশৃঙ্খলা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করা না হলে প্রশাসনের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলা।

সংবাদ সম্মেলনে জাকসুর সাধারণ সম্পাদক ও ছাত্রশিবির নেতা মাজহারুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ শনাক্তকরণ ও তদন্ত কার্যক্রমে বিভিন্ন জটিলতা, সমন্বয়হীনতা এবং অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যা সুষ্ঠু তদন্তকে ব্যাহত করেছে। এ ছাড়া যাচাইবিহীন এআই-নির্ভর ছবি প্রচারের ফলে প্রকৃত অপরাধী শনাক্তকরণ প্রক্রিয়াও বিভ্রান্তির মুখে পড়ে। ঘটনার দিন সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গ্রুপে অভিযুক্তের এআই দিয়ে পরিমার্জিত ছবি ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া প্রকৃত ছবিকে এআইয়ের মাধ্যমে বিকৃত করে প্রচার করায় অপরাধী শনাক্তের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে এবং পুরো ঘটনায় একধরনের ধোঁয়াশা তৈরি করা হয়েছে। অবিলম্বে আসামিকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলন শেষে জাকসুর নেতাদের সঙ্গে দেখা করতে আসেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। এ সময় জাকসুর নেতারা উপাচার্যের কাছে জবাবদিহি চান। উপাচার্য জাকসুর নেতাদের কাছে সময় চান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সব সময় যোগাযোগ রাখছেন বলে জানান।