গাজীপুর সাফারি পার্কের প্রধান ফটক
গাজীপুর সাফারি পার্কের প্রধান ফটক

ঈদে নতুন ৩ সিংহের সঙ্গে দেখা হবে সাফারি পার্কে, খোলা থাকবে মঙ্গলবারও

এবার ঈদুল ফিতরে বৈচিত্র্য থাকছে গাজীপুরের শ্রীপুরের গাজীপুর সাফারি পার্কে। দর্শনার্থীদের জন্য নতুন করে পার্কে আনা হয়েছে তিনটি সিংহ। এগুলোর মধ্যে এটি পুরুষ ও ‍দুটি স্ত্রী। এ ছাড়া দর্শনার্থীদের সুবিধার্থে এই সপ্তাহে সাপ্তাহিক ছুটির দিনেও পার্কটি খোলা রাখা হবে।

শুক্রবার রাত ৮টায় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারেক রহমান। ডুলাহাজারা সাফারি পার্ক থেকে এই সিংহগুলো আনা হয়েছে বলে জানান তিনি। নতুন তিনটিসহ এখন সাফারি পার্কে সিংহের সংখ্যা দাঁড়াল ৫।

পার্ক কর্তৃপক্ষ জানায়, শুক্রবার থেকে সিংহ তিনটিকে প্রদর্শনীর জন্য নির্দিষ্ট বেষ্টনীতে রাখা হয়েছে। শনিবার ঈদের দিন থেকে দর্শনার্থীরা পার্কের অন্যান্য প্রাণীর সঙ্গে নতুন করে আনা সিংহগুলো দেখতে পাবেন। এ ছাড়া মঙ্গলবার সাপ্তাহিক বন্ধের দিন হলেও এই সপ্তাহে বিশেষ ব্যবস্থাপনায় পার্ক চালু রাখা হবে।

পার্ক কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন উৎসবের সময় মঙ্গলবার বন্ধের বিষয়টি না জেনে প্রচুর দর্শনার্থী এসে হতাশ হয়ে পার্কের ফটক থেকে ফিরে যান। বিষয়টি বিবেচনায় নিয়ে এই ঈদে খোলা রাখার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, দর্শনার্থীদের নিরবচ্ছিন্ন সেবা দিতে কিছু পর্যটক বাস সংস্কার করা হয়েছে। বর্তমানে পার্কের মোট ৭টি শীতাতপনিয়ন্ত্রিত ও নিরাপদ মিনিবাস পর্যটক পরিবহনের জন্য তৈরি আছে।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান প্রথম আলোকে বলেন, এই ঈদে দর্শনার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সেবা দেওয়ার নিশ্চয়তা দিতে তাঁদের সব কর্মকর্তা-কর্মচারী কাজ করে যাচ্ছেন।

গাজীপুর সাফারি পার্কের প্রবেশ টিকিটের মূল্য ৫০ টাকা। তবে শিক্ষার্থীদের জন্য পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে নেওয়া হয় ১০ টাকা। ভেতরে প্রবেশের পর বিভিন্ন প্রাণীর জন্য সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে আলাদাভাবে নির্ধারিত দামে টিকিট ক্রয় করতে হয়। পার্কটির প্রধান আকর্ষণ হলো আফ্রিকান কোর সাফারি। এটি একটি বিশেষায়িত প্রাণীর বাসস্থান, যেখানে কেবল আফ্রিকা থেকে আনা বাঘ, সিংহ, হরিণ, জিরাফ, বন গরু, জেব্রাসহ আরও অনেক প্রাণী রয়েছে।

পার্কের নিজস্ব ব্যবস্থাপনায় ৭টি পর্যটক বাসে করে কোর সাফারি দেখার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে পর্যটক বাসের টিকিট ফি ১৫০ টাকা। পার্কে রয়েছে ‘৯ ডি’ থিয়েটার। এখানে প্রাণ ও প্রকৃতি সম্পর্কে তথ্যচিত্র দেখানো হয়।