
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুরে উপজেলার গোসাত্রা গ্রামের একটি নির্জন স্থান থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধার হওয়া চালকের নাম আজাদ শেখ (১৭)। সে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বনগ্রাম এলাকার আবদুল হালিমের ছেলে। আবদুল হালিম তাঁর দুই ছেলে ও স্ত্রী নিয়ে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি মুন্সিরটেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার বেলা তিনটার দিকে বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি আজাদ শেখ। আজ বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার গোসাত্রা গ্রামের একটি নির্জন স্থানে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে, তবে অটোরিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, গতকাল রাতের কোনো এক সময় আজাদ শেখের গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।