মাদারীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে
মাদারীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে

লিবিয়া হয়ে ইতালি যাওয়ার রুট বন্ধের চেষ্টা করছি: মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি যাওয়ার প্রবণতা রোধ করতে আমরা একাধিকবার ইতালি ও লিবিয়া সরকারের সঙ্গে বসেছি। এই রুট আমরা বন্ধের চেষ্টা করছি।’

আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এ কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাদারীপুরের মানব পাচার নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মানব পাচার প্রতিরোধে বাংলাদেশের ১৪টি জেলা নিয়ে কাজ করছে সরকার। মাদারীপুরের মানব পাচার বিষয়টি আন্তর্জাতিক দালাল চক্রের বিষয়। দেশ-বিদেশে এই দালাল চক্র অবস্থান করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলব, আপনারা এই দালালদের চিহ্নিত করেন। দালালদের নাম-পরিচয় আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেন। তাহলে আমরা চেষ্টা করতে পারি। হয়তো আমরা আন্তর্জাতিকভাবে তাদের ধরার চেষ্টাও করতে পারি।’

মক্কা চুক্তি নিয়ে শামা ওবায়েদ বলেন, ‘এই প্রতিরক্ষামূলক সামরিক জোটে বাংলাদেশ যাবে কি না, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ সরকার ভবিষ্যতে যেকোনো ফোরাম বা গ্রুপে যুক্ত হওয়ার আগে দেশের পররাষ্ট্রনীতি সবার আগে অনুসরণ করবে। এমন গ্রুপ দেশের মানুষের স্বার্থসংশ্লিষ্ট কি না এবং উপকারে আসবে কি না, সেটা বিবেচনা করে মক্কা প্যাক্টে যাওয়া হবে। সেই সময় হলে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কথা বলবে।’

শেখ হাসিনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘একজন দণ্ডপ্রাপ্ত আসামি কোথায় বসে কী বলছে, এটা বিবেচ্য বিষয় নয়। স্বৈরাচার শেখ হাসিনাসহ তাঁর দলের বহু লোক ভারতে পালিয়ে আছে। অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ সরকার। ভারতের বিচার বিভাগও এটি দেখছে।’ তিনি বলেন, যখনই ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে, তখনই দেশের আইনানুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হবে এবং তাঁকে কারাগারে যেতে হবে।

মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় সহশিক্ষা বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।