হাতকড়া
হাতকড়া

সিলেটে হাতকড়াসহ সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই, আড়াই ঘণ্টা পর ফের গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ সাজাপ্রাপ্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের নতুন মেঘারগাঁও বাজারে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম আলী হোসেন। তিনি উপজেলার মেঘারগাঁও গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে। একটি ডাকাতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি তিনি।

পুলিশ ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, আলী হোসেনকে গ্রেপ্তারের জন্য গতকাল রাতে অভিযান চালায় কোম্পানীগঞ্জ থানা–পুলিশের একটি দল। মেঘারগাঁও বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে হাতকড়া পরানো হয়। থানায় নেওয়ার পথে একদল লোক সেখানে পুলিশের পথরোধ করে। একপর্যায়ে তাঁরা আলী হোসেনকে ছিনিয়ে নেয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াই ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে আলী হোসেনকে আবার গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে সাজাপ্রাপ্ত হিসেবে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।