
বাগেরহাটের মোংলায় পানির লবণাক্ততা কমানো ও জীবাণুমুক্ত করার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে দেওয়া পানি বিশুদ্ধ করার দুটি প্ল্যান্ট দীর্ঘদিন ধরে অচল। এ জন্য সুপেয় পানির অভাবে আছেন উপকারভোগীরা।
মোংলা উপজেলায় লবণাক্ততার কারণে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। সুপেয় পানির সংকট দূর করার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে বিভিন্ন সময়ে দুটি পানি শোধনাগার প্ল্যান্টের ব্যবস্থা করা হয়। একটি ২০১৩ সালে সোনাইল তলা ইউনিয়নের আমড়াতলায়, এবং আরেকটি ২০১৮ সালে মিঠাখালী ইউনিয়নের মিঠাখালী বাজারসংলগ্ন মসজিদের পুকুরপাড়ে স্থাপন করা হয়। প্ল্যান্ট দুটি পরিচালনায় যুক্ত কর্মীর মজুরি ও বিদ্যুৎ বিলের জন্য গ্রাহকদের কাছ থেকে লিটারপ্রতি ৫০ পয়সা করে নেওয়া হয়। উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা সোহান আহমেদ প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন।
গতকাল রোববার সরেজমিন দেখা যায়, মিঠাখালী পানি শোধনাগারটির দরজায় ঝুলছে মরিচা ধরা একটি লোহার তালা। সেখানে কথা হয় মিঠাখালীর বাসিন্দা আক্কাস আলী শেখের সঙ্গে। তিনি বলেন, ‘প্ল্যান্টটি চালু হওয়ার পর থেকে এই এলাকার মানুষের পানির সংকট দূর হয়। কিন্তু এই সুবিধা বেশি দিন স্থায়ী হয়নি, দুই থেকে আড়াই বছর চলার পর প্ল্যান্টটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এরপর আর সেটি চালু হয়নি। এখন বাধ্য হয়ে পুকুরের লবণাক্ত পানি ফিটকিরি, কখনো কখনো সরাসরিও পান করতে হচ্ছে। মানুষের ভোগান্তির শেষ নেই।’
এই পানি শোধনাগারটি পরিচালনা করার জন্য স্থানীয় লোকজনদের নিয়ে ২০১৮ সালে একটি কমিটি করে দেয় ইউনিয়ন পরিষদ (ইউপি)। সেই কমিটির একজন সদস্য আবুল হোসেন শেখ বলেন, পানি শোধনাগারটি পরিচালনা করার সময় মাঝেমধ্যেই যান্ত্রিক ত্রুটি দেখা দিত। বারবার তাঁদের বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হতো। বিশুদ্ধ পানি সরবরাহের জন্য নামেমাত্র টাকা নিয়ে সেই ব্যয়ভার মেটানো সম্ভব হচ্ছিল না তাদের পক্ষে। তাই বাধ্য হয়ে তাঁরা তাঁদের ওপর ন্যস্ত দায়িত্ব থেকে মুক্তির জন্য শোধনাগারটির চাবি ও যাবতীয় কাগজপত্র ইউপিতে ফেরত দেন।
আমড়াতলার প্ল্যান্টটিও তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। সেখানে কথা হয় ওই গ্রামের সরমা মণ্ডলের সঙ্গে। তিনি বলেন, পানির সমস্যা দিন দিন বাড়ছে। ধরে রাখা বর্ষার পানি শেষ হয়ে গেছে। এখন পুকুরের লবণাক্ত ও ঘোলা পানি পান করতে হচ্ছে বাধ্য হয়ে। তিনি এ সমস্যার সমাধানে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান।
কথা হয় পানি শোধনাগার প্ল্যান্টের কর্মী সাগর হাওলাদারের সঙ্গে। তিনি বলেন, ২০১৩ সালে এটি যখন স্থাপন করা হয়, বছরখানেক সেখান থেকে নির্বিঘ্নে পানি সরবরাহ করা গেছে। এর পর থেকে নানা সময়ে যান্ত্রিক সমস্যা দেখা দিত। কয়েকবার সেগুলো মেরামত করা হয়। কিন্তু পরে আর আর্থিক সংকটের কারণে ঠিক করা যায়নি। অনেকটা বাধ্য হয়ে কেন্দ্রটি বন্ধ করে দিতে হয়েছে তাঁদের।
জনদুর্ভোগের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মোংলা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা সোহান আহমেদ প্রথম আলোকে বলেন, সমস্যার সমাধানে তিনি শিগগিরই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ইউপির জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। সংকট দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।