
ঘড়ির কাঁটায় তখন দুপুর সাড়ে ১২টা ছুঁই ছুঁই। রোববার, মেঘহীন শ্রাবণ মাসের আকাশ। প্রখর সূর্য যেন পুড়িয়ে দিচ্ছে সবকিছু। রোদ থেকে রক্ষা পেতে বাঁধানো বকুলতলায় বসে বিশ্রাম নিচ্ছিলেন আবদুল মালেক। ক্রিসেন্ট জুট মিলসের সামনের ওই বকুলতলাটা তাঁর খুবই পরিচিত। কিন্তু গত দুই বছরে বদলে গেছে সেটি।
টাইলস দিয়ে বাঁধানো গাছের গোড়াটির ওপর ময়লা জমেছে। অনেক দিন সেখানে কেউ বসেন না। ইট বিছানো চত্বরে বড় বড় ঘাস। মানুষের হাটাচলা না হওয়ার স্পষ্ট প্রমাণ সেটি। সেই বাঁধানো বকুলতলায় একা বসে উদাস মনে কী যেন ভাবছিলেন মালেক। কাছে গিয়ে কথা বলতেই সংবিৎ ফেরে। অন্য কোনো মানুষের দেখা পাবেন, হয়তো ভাবেননি।
গল্পে গল্পে কথা চলতে থাকে। আবদুল মালেকের গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়, বয়স ৬৩ বছর। ১৯৭৭ সালে খুলনায় এসে ক্রিসেন্ট জুট মিলসে অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। এভাবেই চলে যায় কয়েক বছর। পরে চাকরি স্থায়ী হয়। বিয়ে করে খুলনায় স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। পরে ওই জুট মিলসের পূর্ব পাশের এক আবাসিকে (কলোনি) পরিবার নিয়ে থাকতে শুরু করেন।
২০২০ সালের ২ জুলাই সন্ধ্যায় রাষ্ট্রায়ত্ত অন্যান্য পাটকলের সঙ্গে ক্রিসেন্ট জুট মিলসও বন্ধ ঘোষণা করে সরকার। বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় মালেকের মতো হাজারো শ্রমিককে। মিল কর্তৃপক্ষ ঘোষণা দেয়, সরকার ঘোষিত প্রণোদনার টাকা পেতে হলে কলোনি ছাড়তে হবে। উপায় না দেখে কলোনি ছেড়ে গ্রামের বাড়ি ঝালকাঠিতে চলে যান মালেক।
আবদুল মালেক জানান, তাঁর এক মেয়ে। ২০১০ সালে মেয়েকে বিয়ে দিয়েছেন। এখন তাঁরা স্বামী-স্ত্রী গ্রামেই থাকেন। সরকারি প্রণোদনার অর্ধেক ৩ লাখ ৩৯ হাজার ৫৮২ টাকা আগেই পেয়েছিলেন। বাকি অর্ধেক সঞ্চয়পত্র হিসেবে পাওয়ার জন্য মিলে এসেছেন। তাঁর নাম ভুল থাকায় ওই টাকা তাঁকে দেওয়া হয়নি। এখন নামের ভুল সংশোধন করে এনেছেন। সেই কাজেই ঝালকাঠি থেকে ক্রিসেন্ট জুট মিলে এসেছিলেন, আবার ফিরে যাবেন। কিন্তু তাঁর আগে প্রিয় বকুলতলায় একটু বসে বিশ্রাম নিচ্ছেন।
২০০৭ সালে মিলে শ্রমিক ছাঁটাই শুরু হলে চাকরি হারান আবদুল মালেক। চাকরি চলে যাওয়ার পরও পরিবার নিয়ে কলোনিতেই থাকতেন। ২০১০ সালে যখন আবার মিলগুলো পূর্ণাঙ্গভাবে চালু হয়, তখন আবার নতুন করে কাজ শুরু করেন। সেই থেকে সবকিছু ঠিকঠাকই চলছিল। মাঝেমধ্যে শ্রমিক–আন্দোলনে যোগ দিতেন অন্যদের সঙ্গে। হঠাৎ পাটকল একেবারে বন্ধ করে দেওয়ায় ক্রিসেন্ট জুট মিলসের সঙ্গে ৪৩ বছরের সম্পর্ক ছিন্ন হয় তাঁর। ছিন্ন হয় খুলনার সঙ্গে সম্পর্কও।
কথা বলতে বলতেই কেমন যেন হয়ে যান আবদুল মালেক। গলা কাঁপতে থাকে, কিন্তু তা বুঝতে দিতে চান না। বলেন, মিল বন্ধ হলেও প্রথম দিকে কেউ কলোনি ছেড়ে যাবেন, এমনটা ভাবেননি। কিন্তু টাকা পেতে হলে কলোনি ছাড়তে হবে, এ জন্য দু-একজন পরিবার নিয়ে কলোনি ছেড়ে চলে যান। তখন সবার মন ভেঙে যায়। পরে একে একে সবাই কলোনি ছাড়তে শুরু করেন। কলোনি ছেড়ে যখন একেকটি পরিবার চলে যাচ্ছিল, তখন সবার সে কী কান্না, তা বলে বোঝানো যাবে না! অনেকেই সরাসরি গ্রামের বাড়িতে চলে গেছেন, আবার অনেকেই খুলনায় বাসা ভাড়া করে থাকছেন।
‘একসময় পুরো এলাকায় হাজার হাজার মানুষের আনাগোনা ছিল। সুখে-দুঃখে একসঙ্গে সবাই বাস করত। এখন কিছুই নেই। বর্তমান অবস্থা দেখলে বুক ফেটে কান্না আসে’, বলছিলেন আবদুল মালেক। যে ঘরে দীর্ঘদিন পরিবার নিয়ে বসবাস করেছেন, সেটি দেখতে চান না। পড়ে থাকা ওই ঘর দেখে সহ্য করতে পারবেন না তিনি।
বকুলতলার স্মৃতি বলতে গিয়ে আবদুল মালেক বলেন, ‘এখানে প্রায় সময়ই বসতাম। বাসায় যখন ভালো লাগত না, তখন সময় পেলেই এখানে চলে আসতাম। প্রথম দিকে গোড়াটি এভাবে বাঁধানো ছিল না। ২০১২-১৩ সালের দিকে বকুলতলাটি টাইলস দিয়ে বাঁধিয়ে দেন স্থানীয় কাউন্সিলর। এই বকুলগাছ কত মানুষের হাসি-কান্নার সাক্ষী, তা বলে বোঝানো যাবে না।’ বড় একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বলেন, এখন কিছুই নেই, সবই স্মৃতি। মিল চালু হলেও আর ফিরে আসবেন না বলে জানান তিনি।