রংপুর সিটি নির্বাচন

শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার শেষ দিনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা। রোববার সকালে নগরের হনুমানতলায়
ছবি: প্রথম আলো

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট আগামী মঙ্গলবার। প্রচারণা শেষ হচ্ছে আজ রোববার রাত ১২টায়। শেষ মুহূর্তের  প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তবে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ। ভোট উপলক্ষে নেওয়া হচ্ছে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা। সুষ্ঠু ভোট নিশ্চিতে সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। শান্তিশৃঙ্খলা রক্ষায় টহলে থাকবেন পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা।

মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ হবে। মোট ভোটার ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে ২ লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী। মোট ভোটকেন্দ্র ২২৯টি। মেয়র পদে প্রার্থী আছেন ৯ জন। নারীদের জন্য সংরক্ষিত ১১টি ওয়ার্ডে প্রার্থী ৬৮ জন এবং ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সরেজমিনে নগরের আলমনগর, কলেজ রোড, খামার, রবার্টসনগঞ্জ, গুপ্তপাড়া, কামালকাছনাসহ বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিটি এলাকায় কাউন্সিলর প্রার্থীদের নিয়ে বেশি আলোচনা হচ্ছে। মেয়র প্রার্থী নিয়ে ভোটাররা নিরুত্তাপ। কেউ কেউ বলছেন, জাতীয় পার্টির আবেগ আর প্রভাব আগের মতোই রয়েছে। তাই ভোটারদের মধ্যে তেমন একটা উচ্ছ্বাস নেই। আবার অনেকের যুক্তি, উন্নয়নের রাজনীতিতে আওয়ামী লীগের বিকল্প নেই। শেষমেশ জাতীয় পার্টির প্রার্থীর সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ প্রার্থীর।

আজ শেষ নির্বাচনী প্রচারণায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা (ডালিয়া) সকাল থেকে বিকেল পর্যন্ত রংপুর সরকারি কলেজের আশপাশ এলাকা, রাধাবল্লভ, হনুমানতলা, জলকরসহ বিভিন্ন এলাকায় শেষ গণসংযোগ করেছেন। জয়ের বিষয়ে আশা প্রকাশ করে হোসনে আরা বলেন, গণসংযোগে মানুষের সঙ্গে কথা বলে মনে হয়েছে, এবার মানুষ ঘুরে দাঁড়াবে। আর মিথ্যা প্রলোভন আর আবেগে সাড়া দেবে না। উন্নয়নের পক্ষে নৌকা মার্কার জয়ধ্বনি হবে।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার শেষ দিনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন। রোববার সকালে নগরের স্টেশন রোড এলাকায়

জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান শহরের তালতলা রোড, বেতপট্টি, নবাবগঞ্জ রোড, জুম্মাপাড়া, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, সোনালী ব্যাংক মোড়. জীবনবীমা মোড়, প্রেসক্লাব চত্বরসহ আরও কিছু এলাকায় শেষ গণসংযোগ করেন। মোস্তাফিজার বলেন, ‘ভোট নিয়ে আমাদের কোনো শঙ্কা নেই। তবে নির্বাচনে অনিয়ম ও কারচুপি করতে আসা যেকোনো অশুভ শক্তিকে প্রতিহত করতে আমরা প্রস্তুত। নির্বাচন কমিশন একটা ফেয়ার গ্রহণযোগ্য নির্বাচন করার কমিটমেন্ট করেছে, সেই নিরিখে আস্থা রেখে আমরা নির্বাচন করছি। আমরা মনে করি, এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’

জাসদের প্রার্থী শফিয়ার রহমান বাংলাদেশ ব্যাংক মোড় থেকে ধাপ, কাকলী লেন, মেডিকেল পূর্ব গেট, পাশারিপাড়া ও কেরানীপাড়া এলাকায় গণসংযোগ করেছেন। তিনি বলেন, ‘আমার পক্ষে বাম জোটভুক্ত কয়েকটি দল কাজ করছে। সবাইকে নিয়ে মানুষের সঙ্গে গণসংযোগ করেছি। জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করবে—এমন একজন শিক্ষিত ব্যক্তিকে এবার ভোট দিয়ে নির্বাচন করবে ভোটাররা। সেখানে আমিও হাল ছাড়িনি।’

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লতিফুর রহমান শেষ গণসংযোগ করেছেন মাহিগঞ্জ, খাসবাগ, গুপ্তপাড়া, নুরপুর, আদর্শপাড়াসহ আরও কিছু এলাকায়। তিনি বলেন, ‘প্রতিটি এলাকাতেই আমার পক্ষে মানুষের গণজোয়ার দেখেছি। ভোটাররা এবার পরিবর্তন চায়। এই পরিবর্তনের হাওয়া আমার দিকেই রয়েছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান ধাপ, হাজিরহাট, কেল্লাবন্দ, সিও বাজার এলাকায় শেষ গণসংযোগ করেছেন। খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল মুলাটোল, গণেশপুর এলাকায় শেষ প্রচারণা চালান। জাকের পার্টির খোরশেদ আলম বাবু খাঁ, গুপ্তপাড়া, নিউ ক্রস রোড, জি এল রায় রোড এলাকায় প্রচারণা চালান। বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান গোমস্তাপাড়া, সেনপাড়া এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান নগরের কেরানীপাড়া, টেক্সটাইল মোড়সহ বিভিন্ন এলাকায় শেষ গণসংযোগ করেছেন। শান্তিপূর্ণভাবে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক—এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন অন্য মেয়র প্রার্থীরা।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রংপুর মহানগর কমিটির সভাপতি খন্দকার ফখরুল আনাম বলেন, ‘ইভিএমে ভোট গ্রহণ নিয়ে গাইবান্ধার ঘটনার পুনরাবৃত্তি হলে শান্ত রংপুর অশান্ত হয়ে উঠতে পারে। ইভিএম নিয়ে বিরোধী দলগুলোর যে অনাস্থা, তা প্রকট হবে। তাই রংপুর সিটির এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং এটি জাতীয় রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করবে বলে আমরা মনে করছি।’

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে যা যা দরকার, তা–ই করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আবদুল বাতেন। তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। আশা করা হচ্ছে, ভোটের দিনও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।