বিএনপি নৈরাজ্য বন্ধ না করলে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে: শ ম রেজাউল

পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ সোমবার দুপুরে
ছবি: প্রথম আলো

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বিএনপি আবারও নৈরাজ্য শুরু করেছে। বিএনপি সহিংসতা শুরু করলে বাংলার মানুষ তাদের দাঁতভাঙা জবাব দেবে। বিএনপি আবারও দেশে পেট্রলবোমা নিক্ষেপ করতে চায়। তারা স্কুল ও বাড়িঘরে আগুন দিতে চায়। রাস্তাঘাটে মানুষের ওপর হামলা করতে চায়। বিএনপি তাদের এসব নৈরাজ্য ও অপরাজনীতি বন্ধ না করলে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে।

আজ সোমবার দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ ম রেজাউল করিম এসব কথা বলেন।

উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শ ম রেজাউল করিম আরও বলেন, একটা সময়ে বিএনপির পেট্রলবোমায় বাস-ট্রাকের ভেতরে জীবিত মানুষ পুড়ে কয়লা হয়ে গেছে। ওই বীভৎসতা দেখে ঢাকায় বার্ন ইউনিট খোলা হয়েছে। মানুষের কল্যাণে কাজ না করে সন্ত্রাস করে, পেট্রলবোমা নিক্ষেপ করে উন্নয়নকে বাধাগ্রস্ত করলে ওই জঘন্য কর্মকাণ্ডের জবাব মানুষ রাস্তায় নেমে দিতে বাধ্য হবে।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, শেখ হাসিনার সময় একজন মানুষও না খেয়ে থাকেনি। শেখ হাসিনার সময় স্কুল-কলেজ ও রাস্তাঘাটের উন্নয়ন হয়। শিক্ষার্থীরা বিনা বেতনে পড়াশোনার সুযোগ পায়। বিনা টাকায় বই পায়। মানুষ এখন শেখ হাসিনাকেই বিশ্বাস করে। কাজেই আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করতে এগিয়ে আসতে হবে।

নাজিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেরদৌস, সেখমাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুখরঞ্জন ব্যাপারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আল ফরাজী ও নির্ঝর কান্তি বিশ্বাস, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক এস এম নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক  তরিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।