
যশোরের বাঘারপাড়া উপজেলায় একটি বাড়িতে মাথায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার করিমপুর গ্রামে যশোর-নড়াইল সড়কসংলগ্ন শহিদুল ইসলাম মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটে।
সশস্ত্র ডাকাত দল বাড়ির লোকদের মাথায় ও গলায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে মোটরসাইকেল, নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন লুট করে নিয়ে গেছে। গৃহকর্তার ছেলের দাবি, লুট হওয়া মালামালের মূল্য ১০ থেকে ১২ লাখ টাকা।
গৃহকর্তা শহিদুল ইসলামের ছেলে আরাফাত হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল রাতের খাবার খেয়ে তাঁরা ঘুমিয়ে যান। আনুমানিক রাত দুইটার দিকে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরে ঢোকে। কালো কাপড় দিয়ে মুখ বাঁধা ওই লোকেদের পরনে ছিল হাফপ্যান্ট ও টি–শার্ট। তাঁদের কাছে পিস্তল, শুটার গান, রামদা ও ছুরি ছিল। প্রথমে ডাকাত দল তাঁর বাবার ঘরে ঢোকে। এরপর বাবাকে দিয়ে বড় ভাই ফরহাদ হোসেনকে ঘুম থেকে তোলে।
আরাফাত হোসেনের ভাষ্য, বড় ভাইয়ের কক্ষে ঢুকে ডাকাত দল তাঁর হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে দেয়। এরপর বাড়ির লোকজনের মাথায় ও গলায় অস্ত্র ঠেকিয়ে সবাইকে জিম্মি করে ডাকাত দল ঘরের কক্ষগুলো ওলট–পালট করে সেখান থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, ১ লাখ ২৫ হাজার টাকা, ২টি মোটরসাইকেল ও ৫টি মুঠোফোন লুট করে নিয়ে যায়। আজ সকালে পাশের বোয়ালিয়া বিলের রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল দুটি পাওয়া গেছে। এ বিষয়ে আজ থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দীন প্রথম আলোকে বলেন, ঘটনা একটা ঘটেছে। বাড়ির মালিককে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।