
প্রশিক্ষণের পাশাপাশি সেনাবাহিনী জনগণের জন্য কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগিহাট কলেজ মাঠে অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, দিনব্যাপী চিকিৎসা শিবির ও বিনা মূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, তা হলো প্রশিক্ষণ। আমরা যত প্রশিক্ষণ নিই, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শীতকালীন প্রশিক্ষণ। এ জন্য খোলা জায়গার প্রয়োজন হওয়ায় প্রশিক্ষণটি সেনানিবাসের বাইরে এসে করি। প্রধানমন্ত্রী আমাকে সুস্পষ্টভাবে বলেছেন, যখন তোমরা প্রশিক্ষণ নেবে, তখন মানুষের কাছে যাবে, মানুষের উপকার করতে হবে। প্রশিক্ষণের সময় যাতে মানুষের মনে বিরূপ ধারণা জন্ম না হয়, সে জন্য আমরা জনকল্যাণমূলক কাজ করি। প্রশিক্ষণের পাশাপাশি সেনাবাহিনী জনগণের জন্য কাজ করছে।’
সেনাপ্রধান আরও বলেন, ‘আমরা যখন প্রশিক্ষণের জন্য বাইরে আসি, তখন জনকল্যাণমূলক কাজ করতে চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় সারা দেশে শীতার্তদের জন্য কম্বল বিতরণ করছি। এর বাইরে অসুস্থদের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করছি। আমরা গবাদিপশুরও চিকিৎসা করছি এবং কৃষির বিভিন্ন রকমের সহযোগিতা দিয়ে যাচ্ছি। যেহেতু আমরা জনগণের ভেতরে এসেছি, আমাদের জন্য যদি তাদের কোনো অসুবিধা হয়, সেটাকে দূর করার লক্ষ্যে আমরা জনকল্যাণমূলক কাজ করছি, যাতে মানুষের মনে সেনাবাহিনী সম্পর্কে একটা ভালো ধারণা থাকে।’
সেনাপ্রধান দুপুরে হেলিকপ্টারযোগে ডুগডুগিহাট কলেজ মাঠে পৌঁছালে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল খালেদ আল মামুন ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল ফয়জুর রহমান তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় অন্যদের মধ্যে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (হাকিমপুর সার্কেল) শরিফুল ইসলাম ও পালশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধান উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোড়াঘাট উপজেলার অসহায় ও শীতার্ত ৯০০ নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।