
বিস্ফোরক আইনে করা মামলায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ দলের চার নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে আজ সোমবার পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালতে বিএনপির ১২ নেতা–কর্মী হাজির হয়ে আবার জামিনের আবেদন করেন। আদালতের বিচারক মুহা. মুহিদুজ্জামান চার আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে অন্য আট আসামির জামিন মঞ্জুর করেন বিচারক।
ওই চার আসামি হলেন—নাজিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মো. রফিকুল ইসলাম, উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার সাফায়েত হোসেন, বিএনপির নেতা মো. রিপন ডাকুয়া ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. মাজেদুল কবির। আসামিদের হাজতখানায় নেওয়ার সময়ে তাঁরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর বিকেলে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে দলীয় নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি নাজিরপুর ডিগ্রি কলেজের সামনে গেলে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আহত হন। পরে ৯ সেপ্টেম্বর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম খানকে প্রধান আসামি করে ১০০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে নাজিরপুর থানায় মামলা করেন।
পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন বলেন, নাজিরপুর থানায় করা ওই মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তাঁরা আদালতে হাজির হয়ে আবার জামিনের আবেদন করেছিলেন।
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, ‘দেশব্যাপী লোডশেডিং, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে তিন নেতা-কর্মী হত্যার প্রতিবাদে ৮ সেপ্টেম্বর বিকেলে নাজিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যোগ দিতে আসা বিএনপির নেতা-কর্মীদের যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। অথচ কৃষক লীগের এক নেতা বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।’