যুবকের সাহসিকতায় ধরা পড়ল তিন ছিনতাইকারী

গ্রেপ্তার
প্রতীকী ছবি

বগুড়ার ধুনট উপজেলার এক যুবকের সাহসিকতায় তিন ছিনতাইকারী ধরা পড়েছে। গতকাল শনিবার রাত ১২টার দিকে কাশিয়াহাটা ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম মজনু আলম (২৮)। তিনি ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের আবদুল মজিদের ছেলে।

ছিনতাইচেষ্টার অভিযোগে গ্রেপ্তার তিনজন হলেন বগুড়ার শেরপুর উপজেলার নওদাপাড়া গ্রামের আকাশ ইসলাম (১৯), রহমতপুর গ্রামের শামীম তানভির (২২) ও সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার লাঙ্গলমোড়া উত্তরপাড়া গ্রামের আশিক হাসান (১৯)। এ ঘটনায় মজনু আলম বাদী হয়ে গ্রেপ্তার তিনজনসহ চারজনের বিরুদ্ধে ছিনতাইচেষ্টার অভিযোগে ধুনট থানায় মামলা করেছেন। আজ রোববার দুপুরের পর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মজনু আলম ধুনট উপজেলার মথুরাপুর বাজারে বিকাশ এজেন্টের ব্যবসা করেন। গতকাল রাত ১১টার দিকে ব্যবসার কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথে কাশিয়াহাটা ঈদগাহ এলাকায় চার ব্যক্তি মজনু আলমের মোটরসাইকেলের গতি রোধ করেন। এ সময় তাঁরা মজনু আলমের মুখ বেঁধে মুঠোফোন ও মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু মজনু আলম ভয় না পেয়ে ওই চারজনকে বাধা দেন এবং চিৎকার শুরু করেন।

একপর্যায়ে মজনু ও ছিনতাইকারীদের মধ্যে মারমারি শুরু হয়। এ সময় তাঁর চিৎকারে বাজারের নৈশপ্রহরী ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে তিনজনকে আটক করেন। অন্য একজন পালিয়ে যান। পরে খবর পেয়ে ধুনট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে থানা হেফাজতে নেয়।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, মজনু আলম তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে সাহসিকতার পরিচয় দিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন ছিনতাইয়ের চেষ্টা করার কথা স্বীকার করেছেন।