
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে তিন মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭৮টি শিশু।
কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে তিন মাস বয়সী শিশুটিকে হামের লক্ষণ নিয়ে ৯ এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বেলা সোয়া একটার দিকে শিশুটির মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে হামের লক্ষণ নিয়ে নতুন করে ৩৪টি শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ৬১১টি শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫১৯টি শিশু এবং মৃত্যু হয়েছে ১৪টি শিশুর। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭৮টি শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭২টি শিশু।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ২৪ ঘণ্টায় তিন মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ৩৪টি শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।