নোয়াখালীতে শিক্ষার্থী হত্যার বিচার চেয়ে সহপাঠীদের বিক্ষোভ

কামরুলের সহপাঠী ও একই প্রতিষ্ঠানের অন্য বর্ষের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন। আজ বুধবার সকালে
ছবি: প্রথম আলো

নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কামরুল হাসান ওরফে জোবায়ের (১৯) হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সহপাঠীরা। আজ বুধবার সকালে কামরুলের সহপাঠী ও একই প্রতিষ্ঠানের অন্য বর্ষের শিক্ষার্থীরা শহরের মাইজদীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল নিয়ে শিক্ষার্থীরা শহরের প্রধান সড়ক (মাইজদী-সোনাপুর) সড়ক অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সেখানে প্রায় ৩০ মিনিট অবস্থান করেন। এ সময় তাঁরা কামরুলের হত্যাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে কামরুলের সহপাঠীরা বলেন, শহরের আনাচকানাচে কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে গেছে। তাদের হামলার শিকার হয়ে কামরুল মারা গেছেন। অবিলম্বে এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তাঁরা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী মো. হোসাইনুল বাসার প্রথম আলোকে বলেন, তাঁর সহপাঠী কামরুল হাসান ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবের। শ্রেণিকক্ষে কখনো কারও সঙ্গে তাঁর কোনো ঝামেলা বা মনোমালিন্য হতে দেখেননি তাঁরা। গত ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় পর্বের পরীক্ষার সময় সর্বশেষ কামরুলের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। আর গতকাল কলেজ খোলার দিন কামরুলের মৃত্যুর সংবাদ শুনতে হলো।

দুই আসামির স্বীকারোক্তি

শিক্ষার্থী কামরুল হাসান হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি ইয়াছির আরাফাত ওরফে লাদেন (১৮) ও আশরাফুল ইসলাম ওরফে পিয়াস (১৯) হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মোসলেহ উদ্দিন মিজান দুই আসামির জবানবন্দি রেকর্ড করেন।

প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় জেলা শহর মাইজদীর চন্দ্রপুর এলাকার ভাড়া বাসার আনুমানিক ১০০ গজ দূরে শিক্ষার্থী কামরুল হাসানকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। পরে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় কামরুলের বাবা কামাল হোসেন বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে সুধারাম থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে।