
মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বনে বিদ্যুৎ সঞ্চালনের তারে জড়িয়ে আরেকটি চশমাপরা হনুমানের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে বনের কমলছড়া এলাকায় বিদ্যুৎ সঞ্চালনের পাশে মৃত অবস্থায় বন্য প্রাণীটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। গত বছর একইভাবে আরও দুটি হনুমানের মৃত্যু ঘটেছিল।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে স্থানীয় এক ফরেস্ট ভিলেজার কমলছড়ায় গরু চড়াতে যান। এ সময় সেখানে ক্ষতবিক্ষত চশমাপরা হনুমানকে পড়ে থাকতে দেখেন। এর পাশ দিয়েই বিদ্যুৎ সঞ্চালনের তার টানানো। এতে জড়িয়ে বন্য প্রাণীটির মৃত্যু হয়েছে বলে এলাকাবাসীর ধারণা।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর বনের একই এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে একটি চশমাপরা হনুমান মারা যায়। এ ছাড়া ওই বছরের ১০ ফেব্রুয়ারি বনের কাছে অবস্থিত দিলখোশ চা-বাগান এলাকায় একইভাবে চশমাপরা হনুমানের একটি শাবকের মৃত্যু হয়।
লাঠিটিলা বনের মাঝখান দিয়ে জুড়ী-লাঠিটিলা পাকা সড়ক গেছে। সড়কের পাশসহ বনের ভেতর বিভিন্ন এলাকার বিদ্যুৎ সঞ্চালন লাইন টানানো রয়েছে। তবে, এসব লাইনে কোনো বিদ্যুৎ অপরিবাহী আবরণ নেই। লাঠিটিলা বনটির আয়তন ৫ হাজার ৬৩০ দশমিক ৪০ একর।
বন বিভাগের জুড়ী রেঞ্জের দায়িত্বে থাকা সহকারী বন সংরক্ষক আবুল কালাম আজাদ আজ বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চিরসবুজ লাঠিটিলা বনে চশমাপরা হনুমানসহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণী রয়েছে। অনেক প্রাণী গাছে বাস করে। হনুমান সাধারণত এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে-লাফিয়ে চলাচল করে। এতে বিদ্যুৎ সঞ্চালন তারে জড়িয়ে হতাহতের ঘটনা ঘটছে। এ রকম ঘটনা ঠেকাতে বন এলাকায় টানানো বিদ্যুতের লাইনে রাবার অথবা অন্য কোনো ধরনের আবরণ প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।
লাঠিটিলা বন এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) সঞ্চালন লাইন টানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পবিসের স্থানীয় বড়লেখা উপজেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সোহেল আহমদ বলেন, লাঠিটিলা বন এলাকায় বিদ্যুৎ সঞ্চালনের লাইনে আবরণ স্থাপন বেশ ব্যয়সাপেক্ষ। আপাতত এ ব্যয়ে এ ধরনের কাজ করানো সম্ভব নয়। তবে, ভবিষ্যতে সুযোগ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এ কাজ করে দেওয়া হবে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার কার্যালয়ের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সারোয়ার বলেন, লাঠিটিলা বনের বানর, উল্লুকসহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী সড়কের এক পাশ থেকে অন্য পাশে যেতে গিয়ে কখনো যানবাহনের চাকায় পিষ্ট হয়ে আবার কখনো বিদ্যুতের লাইনে জড়িয়ে মারা পড়ে। এ কারণে গত বছর সড়কের এক পাশ থেকে অন্য পাশে সহজে যাতায়াতের জন্য একাধিক স্থানে ক্যানোপি ব্রিজ (দুই পাশের গাছে নাইলনের রশি টানিয়ে রাখা) স্থাপন করে দেওয়া হয়।