
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে ইটভাটার শ্রমিকদের থাকার খুপরিঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে শতাধিক খুপরিঘর। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নবীন ব্রিক ফিল্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মারা যাওয়া ওই নারীর নাম রোকেয়া আক্তার (২৭)। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার হারুন অর রশিদের স্ত্রী। কাজের সূত্রে তিনি বক্তাবলীতে থাকতেন। হারুন অর রশিদ বলেন, রাতে তাঁরা ঘুমিয়ে ছিলেন। কীভাবে আগুন লেগেছে, তা জানেন না। তিনি বের হতে পারলেও ঘুমিয়ে থাকা তাঁর স্ত্রী ভেতরে আটকা পড়েন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এক বছর আগে হারুন অর রশিদের সঙ্গে রোকেয়া আক্তারের বিয়ে হয়। তাঁরা দুজন নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে ইটভাটায় কাজ করেন। গতকাল রাতে তাঁরা ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে খুপরিঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের জেবিসি নামে ইটভাটার খুপরিঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। লোকজন আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসেন। এতে দুটি ইটভাটার শতাধিক খুপরিঘর পুড়ে গেছে।
ফতুল্লা বিসিক শিল্পনগরী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আলম মিয়া প্রথম আলোকে জানান, আধা ঘণ্টায় দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নবীন ব্রিক ফিল্ডের মালিক তৈয়ব আলী প্রথম আলোকে বলেন, রাতে মশার কয়েল জ্বালিয়ে শ্রমিকেরা ঘুমিয়ে পড়েছিলেন। সেই মশার কয়েল থেকে আগুন লেগে ওই শ্রমিকের মৃত্যু হতে পারে। আগুনে তাঁর ইটভাটাসহ দুটি ইটভাটার শতাধিক ঘর পুড়ে গেছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই নারীর লাশের ময়নাতদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।