স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন কৃষি কর্মকর্তা, পথে ইয়াবাসহ আটক

নারায়ণগঞ্জ জেলার মানচিত্র
নারায়ণগঞ্জ জেলার মানচিত্র

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পাঁচ হাজার ইয়াবাসহ এক কৃষি কর্মকর্তা, তাঁর স্বামী ও গাড়িচালককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণ পাড়া মার্কাজ মসজিদ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে পাঁচ হাজার ইয়াবা ও একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রাইভেট কারের মাধ্যমে ইয়াবা পাচার হচ্ছে খবর পেয়ে আমরা অভিযান চালাই। পরে ফতেপুর ইউনিয়নের দক্ষিণ পাড়া মার্কাজ মসজিদ এলাকা থেকে পাঁচ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে একজন সরকারি কর্মকর্তা বলে আমরা জেনেছি।

পুলিশের হাতে আটক সরকারি ওই কর্মকর্তা বলেন, মাদক–সংশ্লিষ্টতার কারণে এক বছর ধরে তাঁর স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। সম্প্রতি পারিবারিকভাবে জানানো হয়, তিনি (স্বামী) ভালো হয়ে গেছেন।

ওসি বলেন, আটক মোতাহার হোসেন এর আগেও মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। রাত নয়টা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।

এদিকে পুলিশের হাতে আটক সরকারি ওই কর্মকর্তা নিজেকে নির্দোষ দাবি করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘মাদক–সংশ্লিষ্টতার কারণে এক বছর ধরে আমার স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। সম্প্রতি পারিবারিকভাবে জানানো হয়, সে ভালো হয়ে গেছে। আমি আবার স্বামীর বাড়িতে ফিরে আসি। এর মধ্যে আজ তিন বান্ধবীসহ আমি ঢাকায় বেড়াতে যাই। ফেরার পথে আমার স্বামী ফোন করে জানায়, সে যাত্রাবাড়ী আছে। আমি যেন ফেরার পথে তাকে গাড়িতে তুলে নিই। পরে বাড়ি ফেরার পথে পুলিশ ইয়াবাসহ তাকে আটক করে। যেহেতু আমিও একই গাড়ির যাত্রী ছিলাম, ফলে আমাকেও আটক করা হয়েছে।’