
পটুয়াখালীর বাউফলে নিজবাড়িতে সেনাবাহিনীর সাবেক এক কর্মকর্তার ওপর হামলা হয়েছে। পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে তাঁকে বাঁচাতে এগিয়ে আসা দুই ছেলেকেও। আজ শনিবার সকালে উপজেলার নাজিরপুরে ইউনিয়নের নিজ তাঁতেরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। মারধরের শিকার সেনাবাহিনীর সাবেক কর্মকর্তার নাম নাসির উদ্দিন (৫৫), তাঁর দুই ছেলে আরিফ হোসেন (৩০) ও নাঈম হোসেন (১৮)।
ভুক্তভোগী পরিবারের দাবি, জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ মনির হোসেন সিকদারের (৪২) নেতৃত্বে তাঁদের ওপর এই হামলা চালানো হয়েছে। এ বিষয়ে নাসির উদ্দিন বাদী হয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে নাজিরপুর ইউনিয়নের নিজ তাঁতেরকাঠী গ্রামের বাসিন্দা সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার নাসির উদ্দিনের সঙ্গে একই ইউনিয়নের মনির হোসেন সিকদার ও তাঁর ভাই সিরাজ সিকদারের জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধকে কেন্দ্র করে কয়েক দিন আগে নাসির উদ্দিনের সঙ্গে সিরাজ সিকদারের কথা-কাটাকাটি হয়।
এ বিষয়ে জানার জন্য মনির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর ভাই সিরাজ সিকদার বলেন, গত বুধবার নাসির উদ্দিন তাঁকে (সিরাজ) অন্যায়ভাবে পিটিয়েছেন। মনির এ বিষয়ে নাসির উদ্দিনের বাড়িতে জিজ্ঞাসা করতে গেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।
ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আজ সকাল সাড়ে সাতটার দিকে নাসির উদ্দিন তাঁর দুই ছেলে নাঈম ও আরিফকে নিয়ে বাড়ির পুকুরে মাছের খাবার দিচ্ছিলেন। ওই সময় মনির হোসেনের নেতৃত্বে সাতজনের একটি দল লাঠিসোঁটা, ছুরি ও দা নিয়ে নাসির উদ্দিনের বাড়িতে গিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন। নাসির উদ্দিন এর প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়। তখন বাবাকে বাঁচাতে এগিয়ে আসেন নাঈম ও আরিফ। তাঁদেরও কুপিয়ে ও পিটিয়ে আহত করেন হামলাকারী ব্যক্তিরা। এর মধ্যে নাঈমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন জানিয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।