নাটোরের গুরুদাসপুরে ফসলি জমিতে পুকুর খননের সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিংড়া উপজেলায় মানববন্ধন হয়েছে। মানববন্ধন থেকে হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তির পাশাপাশি গুরুদাসপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণ দাবি করা হয়।
সিংড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমকালের সিংড়া উপজেলা সংবাদদাতা আবদুর রশিদ। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সমকালের নাটোর জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, নয়াদিগন্তের সংবাদদাতা আখতারুজ্জামান, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, দৈনিক ইনকিলাবের সংবাদদাতা আনোয়ার হোসেন, দেশ রূপান্তরের প্রতিনিধি আবু জাফর সিদ্দিক, আমার সংবাদের প্রতিনিধি খলিল মাহমুদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা চলনবিলের কৃষিজমির মাটিখেকো ভেকুমালিকদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চলনবিলে রাতারাতি পুকুর খননের ফলে কৃষিজমি কমছে এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ ছাড়া পুকুর খননের মাটিতে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক নষ্ট হচ্ছে। এ সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুরুদাসপুরের সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ও ওসি আবদুল মতিনের সামনে অবৈধ পুকুর খননকারী নান্নু বাহিনীর হামলার শিকার হয়েছেন সাংবাদিক নাজমুল হাসান। দ্রুত এ ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
৪ জানুয়ারি গুরুদাসপুরে কৃষিজমিতে পুকুর খননের সংবাদ সংগ্রহ করতে গেলে সমকাল প্রতিনিধি নাজমুল হাসানের ওপর ওপর হামলা চালায় নান্নু বাহিনী। তবে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে নান্নু মোল্লা বলেছেন, পুকুর খননকারীদের রোষানলের শিকার হয়েছেন তিনি (নাজমুল হাসান)।