
কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নৌকাডুবিতে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের (১৬) লাশ ৩২ ঘণ্টা পর সৈকতে ভেসে এসেছে। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরারটেকের কুতুববাজার সৈকত থেকে আলবার্টের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় তার লাশ দেখতে সেখানে বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, কিশোর আলবার্টের লাশ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই কিশোরের লাশের ময়নাতদন্ত হবে কি না, লাশ নিউজিল্যান্ডে নেওয়া না হলে কী করা হবে—এ নিয়ে পরিবার ও দূতাবাসের সঙ্গে আলোচনার দরকার আছে। পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
পুলিশ ও লাইফগার্ড সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার নাজিরারটেক উপকূল থেকে দুটি কাঠের নৌকাকে জোড়া লাগিয়ে তৈরি ‘আইল্যান্ড গার্ল’ নামের নৌযানটি নিয়ে সমুদ্রে নামেন নিউজিল্যান্ডের নাগরিক এডওয়ার্ড (৭৪)। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী বেলা (৩৬), দুই ছেলে আলবার্ট (১৬) ও রালফ (১৩)। নৌকাটি দুই কিলোমিটার যাওয়ার পর মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে বড় ঢেউয়ের কবলে পড়ে। এ সময় ঢেউয়ের ধাক্কায় নৌকাটি বিচ্ছিন্ন হয়ে সাগরে উল্টে ডুবে যায়। ঘটনাস্থলের আশপাশে তখন কয়েকটি মাছ ধরার নৌকা ছিল। নৌকাটি ডুবে যেতে দেখে আশপাশের জেলেরা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর পানি থেকে এডওয়ার্ড, বেলা ও রালফকে উদ্ধার করেন। নিখোঁজ থাকে কিশোর আলবার্ট। ঘটনার পরপর কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা সাগরে তল্লাশি শুরু করেন।
আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে স্থানীয় লোকজন নাজিরারটেকের কুতুববাজার সৈকতে একটি লাশ ভেসে আসতে দেখেন। এরপর লাইফগার্ড, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও পুলিশ সৈকতে গিয়ে কিশোর আলবার্টের লাশ শনাক্ত করে। পরে লাশটি কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।