
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আবদুল মোমেন (৩৩) নামের এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার ঝাউগড়া মুড়ির মিল এলাকার আড়াইহাজার-ভুলতা সড়ক থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে তিনি নিহত হয়েছেন বলে ধারণা পুলিশের।
নিহত মোমেন মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাদী এলাকার আফাজউদ্দিনের ছেলে। তিনি রূপগঞ্জের গাউছিয়া আড়ত থেকে কাঁচামাল এনে স্থানীয় শালমদী বাজারে বিক্রি করতেন।
নিহত ব্যক্তির বোনের ছেলে মো. ইব্রাহিম জানান, আবদুল মোমেন তিন সন্তানের পিতা। প্রতিদিনের মতো আজ ভোরে রূপগঞ্জের গাউছিয়া পাইকারি আড়তে যাওয়ার জন্য তিনি ঘর থেকে বের হন। পরে সকাল ছয়টায় স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারেন, সড়কের পাশে মোমেনের লাশ পড়ে আছে।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় চা–দোকানি আউয়াল মিয়া জানান, ভোর পাঁচটার দিকে তাঁর দোকান থেকে প্রায় দেড় শ মিটার দূরে দেশি অস্ত্রধারী কিছু লোক বাঁশ দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশার গতি রোধ করে। এ সময় অটোরিকশার যাত্রীদের সঙ্গে অস্ত্রধারীদের ধস্তাধস্তি হয়। তখন চিৎকার–চেঁচামেচিও শোনা যায়। পরে অস্ত্রধারীরা চলে গেলে ঘটনাস্থলে গিয়ে তিনি একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে।
আউয়াল মিয়া আরও বলেন, এই সড়ক ধরে এলাকার সবজি ও মাছ বিক্রেতারা ভোরে গাউছিয়া যাতায়াত করেন। সড়কটিতে প্রায়ই ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন ও আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওলাদার সকালে ঘটনাস্থল পরির্দশন করেছেন। আজিজুল হক প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির সঙ্গে থাকা টাকা ও মুঠোফোন পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তিনি ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন। দ্রুততম সময়ে দোষী ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
সকাল ১০টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।